রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
রাজবাড়ী সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর পড়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তাঁর স্ত্রী। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিক্ষকের নাম মাহাদী হাসান (২৬)। তিনি যশোরের শার্শা উপজেলার আমলা গ্রামের নজরুল ইসলাম হেলালীর ছেলে। আহত তাঁর স্ত্রী হাবিবা খাতুন (২০) হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও আহলাদীপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মাহাদী ঢাকায় বিমানবন্দর এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। ছুটিতে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি। বেলা দুইটার দিকে নিমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান মাহাদী। মুহূর্তের মধ্যে তাঁরা সড়কের ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় মাহাদী ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহাদীকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বেপরোয়া গতিতে মাহাদী মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মাহাদীকে মৃত ঘোষণা করেন। আর মাহাদীর স্ত্রী হাবিবা হাসপাতালে চিকিৎসাধীন।