দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাস পর নদীতে ইলিশ ধরতে নামবেন জেলেরা। জাল মেরামতের কাজ সেরে নিচ্ছেন এক জেলে। শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার সাখুয়া এলাকায়
ছবি: আলম পলাশ

জাটকা (ইলিশের পোনা) ধরায় সরকারের দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রোববার রাত ১২টায়। ফলে রাত ১২টার পর থেকে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরতে জেলেদের আর বাধা থাকছে না। এরই মধ্যে চাঁদপুরের নিবন্ধিত প্রায় ৪৫ হাজার জেলে জাল ও নৌকা মেরামতের কাজ সম্পন্ন করেছেন। এখন তাঁরা নদীতে মাছ ধরতে প্রস্তুত।

শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার সাখুয়া বহরিয়া এলাকা ঘুরে জেলেদের জাল ও নৌকা মেরামত করার দৃশ্য চোখে পড়ে। জেলেরা জানান, মার্চ-এপ্রিল দুই মাস সরকারের নিষেধাজ্ঞা মেনে তাঁরা পদ্মা ও মেঘনায় মাছ ধরা থেকে বিরত ছিলেন। নিষেধাজ্ঞার সময় সরকারের তহবিল থেকে তাঁরা চাল পেয়েছিলেন। নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, আবার নদীতে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়বেন তাঁরা।

বহরিয়ার জেলে মাসুদ গাজী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার সরকারের অভিযান অনেকটা সফল হয়েছে। তিনি আশা করছেন, নদীতে এবার আগের চেয়ে বেশি ইলিশ পাবেন।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, ২৮ এপ্রিল পর্যন্ত গত দুই মাসে ৭৭৪টি অভিযান পরিচালনা করে ৩৭১ জেলেকে আটক করে কারাগারে দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩৯ হাজার ১২৪ কেজি জাটকা। এ ছাড়া বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।

চাঁদপুর নৌ অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তাঁদের পৃথক অভিযানে দুই মাসে ৯৯ জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ২৪৬টি নৌকা ও ১৯ হাজার ১৮ কেজি জাটকা। এ ছাড়া ২০ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৭০৪ মিটার জাল জব্দ করা হয়। জরিমানা করা হয়েছে ৯ লাখ ৫৬ হাজার ১০০ টাকা।
অন্যান্য বছরের তুলনায় নদীতে এবার অনেক জাটকা দেখা গেছে বলে জানিয়েছেন চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক মো. আবুল বাশার। তিনি জানান, এসব জাটকা শেষ পর্যন্ত রক্ষা পেলে এবার ইলিশ উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়ে বেশি হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘এ বছর জাটকা রক্ষায় আমাদের মৎস্য বিভাগ, প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশসহ অন্যরা ব্যাপক তৎপর ছিল। এ জন্য অন্যান্য বছরের তুলনায় অভিযান সফল হয়েছে।’