আশুলিয়ায় সড়কে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিকের মৃত্যু
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুইন খাতুন (৩৯) নামের ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহত নারীর পরিবারের সদস্যরা দাবি করেছেন, পারিবারিক কলহের জেরে কুইনের সাবেক স্বামী মো. আজাদ তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছেন। নিহত কুইনের লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়েছে পুলিশ।
কুইন খাতুনের বাড়ি নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. কুদ্দুস মিয়া। তিনি আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহত ব্যক্তির মামা বিল্লাল হোসেন বলেন, কুইনের স্বামী আজাদ নেশাগ্রস্ত। পারিবারিক কলহের জেরে এক বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। এর পর থেকে আজাদ বিভিন্নভাবে কুইনকে বিরক্ত করে আসছিল। আজ সকালে বাসা থেকে বের হওয়ার পর সড়কে আজাদ ছুরিকাঘাত করে তাঁর ভাগনিকে হত্যা করে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, আজ সকালে বাসা থেকে কারখানার উদ্দেশে বের হন কুইন খাতুন। এ সময় সড়কে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে সটকে পড়েন এক ব্যক্তি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, নিহত নারীর পেট ও পেছনের দিক থেকে কিডনি বরাবর ধারালো অস্ত্রের তিনটি আঘাত আছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন ও নিহত নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবেক স্বামী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।