‘আজ আমার ব্যাটাটার পরীক্ষা ছিল কিন্তু ও এখন কোথায়...’
রাজশাহীর গোদাগাড়ী সড়কে প্রাণ হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ওসামার আজ সোমবার পরীক্ষা ছিল। মা জান্নাতুলফেরদৌস তা উল্লেখ করে বারবার কাঁদছেন আর বলছেন, ‘আজ আমার ব্যাটাটার পরীক্ষা ছিল কিন্তু ও এখন কোথায়...।’
বাবা আবদুস সালামের চোখে জল নেই। তিনি শোকে যেন পাথর হয়ে গেছেন। তিনি কেবল বলছেন, ‘আমার বড় আদরের ছেলে ছিল।’
গতকাল রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রাজাবাড়ী হাটের চাপাল এলাকায় আবু সাঈদ ওসামার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আবু সাঈদ মারা যান। এই ঘটনায় ওই মোটরসাইকেলে আরও দুই আরোহী আহত হন। তাঁদের মধ্যে সাগর আহমেদ (২৮) নামের তরুণ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন এবং আলিম ইসলামও (২২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আবু সাঈদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের স্টেট শাখায় চাকরি করেন। পরিবারটি নগরের মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার বাসিন্দা।
গতকাল দুর্ঘটনার পর রাত নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওসামার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন আইবিএর শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা। এরপর রাত ১০টার দিকে বুধপাড়া এলাকায় জানাজা শেষে আবু সাঈদকে দাফন করা হয়।
নিহত আবু সাঈদের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা চলছে। দুর্ঘটনার পর তাঁর স্মরণে আইবিএ কর্তৃপক্ষ পরীক্ষা ও ক্লাস স্থগিত রেখেছে। আজ সকালে নতুন বুধপাড়া এলাকায় আবু সাঈদের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর মা জান্নাত ফেরদৌসের সঙ্গে। সে সময় বাড়িজুড়ে পাড়া-প্রতিবেশী ভিড় করেন। তাঁরা আবু সাঈদের অকালমৃত্যু মেনে নিতে পারছেন না। অনেকে আবু সাঈদের ছবি দেখছেন আর স্মৃতিচারণা করছেন।
মা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গতকাল ছেলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় বলল, রাজশাহীতে তার বন্ধুকে একটি মোবাইল কিনে দেওয়ার জন্য যাবে। পরে বিকেলে খবর আসে ও অ্যাক্সিডেন্টে করেছে। আমি ছুটে যাই। হাসপাতালে গিয়ে নামার আগেও ওর জ্ঞান ছিল, নিশ্বাস নিচ্ছিল। সঙ্গে সঙ্গে রক্তও দেওয়া হয়েছিল। কিন্তু সময় শেষ হয়ে গেছে। তাই ও আর নেই।’
বেঁচে থাকলে আগামী ২৯ এপ্রিল ২১ বছরে পা রাখতেন আবু সাঈদ। আইবিএতে ভর্তি হওয়ার পর গত বছরের ২৮ এপ্রিল তাঁকে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন মা–বাবা। গত বছরের ৩০ জুলাই একটি দুর্ঘটনার শিকার হন তিনি। সেবার কপালে ১১টি সেলাই পড়ে। এরপর আবার দুর্ঘটনার শিকার হয়ে হাতে আঘাত পান। তখন পাঁচটা সেলাই লেগেছিল। গত রোববার দুর্ঘটনায় চলে গেলেন না–ফেরার দেশে।
জান্নাত ফেরদৌস বলেন, ‘আইবিএতে চান্স পাওয়ার পর ওসামা মোটরসাইকেল চায়। আমরা ওকে গিফট হিসেবে মোটরসাইকেল কিনে দিই। কিন্তু ওই মোটরসাইকেল আমাদের গিফট দিয়ে চলে গেছে।’ বলেই কাঁদতে থাকেন মা জান্নাত ফেরদৌস। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, ‘এর আগে দুবার অ্যাক্সিডেন্ট করেছে। বারণ করতাম। শুনত না।’
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই খুব ভালো ছাত্র ছিলেন আবু সাঈদ ওসামা। সব পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন।
আইবিএর পরিচালক অধ্যাপক জিন্নাত আরা বলেন, আবু সাঈদের চলে যাওয়ায় তাঁরা শোকাহত। তাঁর স্মরণে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ওর অকালে চলে যাওয়াটা খুবই কষ্টের বিষয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এ ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর ট্রাকটি থানায় জব্দ করে রাখা হয়েছে।