জনগণে ভয় আওয়ামী লীগের: মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের গিলন্ড এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে কেন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় না? তারা মুখে বলে দেশের উন্নয়ন করেছে। আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচনে মানুষ তো পাগল হয়ে তাদের ভোট দেবে। তাহলে তারা নির্দলীয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় কেন? আসলে গণতন্ত্রকে, জনগণকে তাদের ভয়। এ কারণে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় না।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ওপর বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান। জেলা সদরের গিলন্ড এলাকায় এই সভার আয়োজন করে মানিকগঞ্জ জেলা বিএনপি।

আওয়ামী লীগের সমালোচনা করে মঈন খান বলেন, আজ আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করে, কিন্তু তারা কি বলতে পারবে বিএনপিতে কতজন বীর উত্তম, বীর প্রতীক উপাধিসম্পন্ন বীর মুক্তিযোদ্ধা আছেন আর আওয়ামী লীগে কতজন আছেন? এ দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবেসে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। এ রকম উপাধিসম্পন্ন দ্বিতীয় ব্যক্তি আওয়ামী লীগ দেখাতে পারবে?

বিএনপির এই নেতার মতে, দেশের চলমান রাজনৈতিক অবস্থায় পরিত্রাণ ও পরিবর্তনের একমাত্র পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত আওয়ামী লীগ যা করেছিল, এখন আরও বেশি খারাপ করছে মন্তব্য করে মঈন খান বলেন, ‘তখন ছিল লিখিত বাকশাল, সংসদের ভেতরে ১১ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি, গণতন্ত্র হত্যা করে সামরিক সরকারগুলো। আর বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে গণতন্ত্রকে হত্যা করেছিল আওয়ামী লীগ। গত ১৫ বছর ধরে অলিখিত বাকশাল চলছে।’

মঈন খানের বক্তব্যে বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, আজ গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে। সারা দেশে এক লাখ গায়েবি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এতসংখ্যক মামলা দেওয়ার ইতিহাস নেই। আওয়ামী লীগ মুখে যা বলে, তার উল্টো করে। আর যা করে, তা মুখে বলে না। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এখানেই পার্থক্য।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন, জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া প্রমুখ। এই সভায় বিএনপি, এর অঙ্গসংগঠনের নেতাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।