‘গলাকাটা ভিসায়’ দুবাই পাঠানোর অভিযোগে নাটোরে একজন গ্রেপ্তার
দুবাইয়ে বেশি বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দেলোয়ার হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়াইগ্রামের দিগ্যার গ্রামের বাসিন্দা।
নাটোর র্যাব ক্যাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, বড়াইগ্রামের আটাই গ্রামের বাসিন্দা মন্টু প্রামাণিক র্যাবের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, দেলোয়ার হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও জামাই মনছুর আহম্মেদ (৩৫) দুবাইয়ে চাকরি করেন। সেখানে বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে মন্টু প্রামাণিকের কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা নেন দেলোয়ারসহ ওই দুই ব্যক্তি। এরপর মন্টু দুবাই গেলে তাঁকে লিটন ও মনছুর আটকে রাখেন এবং এক পাকিস্তানি দালালের কাছে বিক্রি করে দেন। পাকিস্তানি দালাল মন্টুকে জোর করে বিনা পারিশ্রমিকে নয় দিন কাজ করায়। একপর্যায়ে তিনি বুঝতে পারেন তাঁর ভিসা ও অন্যান্য কাগজপত্র জাল। গলাকাটা ভিসায় তাঁকে দুবাই পাঠানো হয়েছে। এরপর সেখানকার বাংলাদেশিদের সহায়তায় দেশে ফিরে আসেন মন্টু প্রামাণিক।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ফরহাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন তাঁদের কাছে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে বড়াইগ্রাম থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।