যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ২৯ ঘণ্টা পরও তরুণের হদিস মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ নাজমুলকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তীরে স্থানীয়দের অপেক্ষা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায়
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ তরুণের ২৯ ঘণ্টা পরও হদিস মেলেনি। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পিংনা এলাকায় বাড়ির পাশে যমুনা নদীতে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ তরুণের নাম নাজমুল হাসান (২৫)। তিনি উপজেলার পিংনা এলাকার আবদুল কাদেরের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টায় নাজমুল বাড়ির পাশে যমুনা নদীতে গোসলে নামেন। নাজমুলের নানি শহীতন বেগম তখন নদীর পাড়ে বসে ছিলেন। গোসলের একপর্যায়ে নাজমুল পানিতে ডুব দিয়ে তলিয়ে যান। পরে শহীতনের চিৎকারে আশপাশের লোকজন আসেন। খবর পেয়ে গতকাল সকাল ৯টার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের দলনেতা শহিদুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। ছয় ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর অভিযান বন্ধ রাখা হয়।

শহীতন বেগম বলেন, ‘ওরা (ফায়ার সার্ভিস) আমার নাতিকে উদ্ধার করতে পারে নাই। এ বিষয়ে আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।’

ডুবুরি দলের দলনেতা শহিদুল ইসলাম বলেন, যমুনা নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় ছয় ঘণ্টা অভিযান চালানোর পর তা বন্ধ রাখা হয়েছে। প্রশাসন ও নিখোঁজের পারিবারিক সূত্রে তথ্য পেলেই আবার নদীতে অভিযান চালানো হবে।

আজ সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযান কাজ ব্যাহত হওয়ায় নিখোঁজ নাজমুলকে উদ্ধারে অভিযান আপাতত বন্ধ রয়েছে। কোনো তথ্য পাওয়া গেলে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

ডুবুরি দলের অভিযান বন্ধ করা হলেও এলাকাবাসী নৌকা দিয়ে নদীতে নাজমুলের লাশের আশায় এখনো খোঁজাখুঁজি করছেন বলে জানিয়েছেন পিংনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন।

আরও পড়ুন