নোয়াখালীতে এক দিনে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
নোয়াখালীর তিনটি উপজেলায় এক দিনে পানিতে ডুবে দুই ভাইসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন দিনে জেলায় আট শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার মারা যাওয়া শিশুরা হলো কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের ছিদ্দিক ভূঁইয়া বাড়ির আবু নাছেরের ছেলে মো. রিফাত (৯) ও মো. রিফান (৭), সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. হোসেনের মেয়ে রিয়া বেগম (৯) ও সালাউদ্দিনের মেয়ে নাসরিন আক্তার (১১) এবং হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের লামছরি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে নিহা আক্তার (৫)।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের ছিদ্দিক ভূঁইয়া বাড়ির আবু নাছেরের ছেলে মো. রিফাত ও রিফান বাড়ির পুকুরের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ওই সময় প্রতিবন্ধী রিফাত ও তার ভাই রিফান পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, সকাল ৯টার দিকে সুখচর ইউনিয়নের লামছরি গ্রামের নিহা আক্তার পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা যায়। সকাল ১০টার দিকে নিহতের পরিবারের সদস্য বিষয়টি পুলিশকে জানান। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) হয়েছে।
চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ প্রথম আলোকে বলেন, সুবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামের রিয়া বেগম ও তাঁর চাচাতো বোন নাসরিন পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করত। তারা ঈদুল আজাহার ছুটিতে গ্রামের বাড়ি আসে। তারা সাঁতার কাটতে জানে না। বুধবার বেলা তিনটার দিকে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে দুই বোন পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। এরপর ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।