বাঁশখালীতে খাঁচাবন্দী গন্ধগোকুল উদ্ধারের পর ইকোপার্কে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে গন্ধগোকুলটি উদ্ধারের পর তা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের বাঁশখালী থেকে একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাতে পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের ভাদালিয়া এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। পরে রাতেই বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে এটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

বনবিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে পৌর সদরের ভাদালিয়া এলাকায় গন্ধগোকুলটি দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় কয়েকজন যুবক গন্ধগোকুলটিকে আঘাত করে একটি খাঁচায় বন্দী করে ফেলেন। পরে বিষয়টি স্থানীয় লোকজন বাঁশখালী উপজেলা প্রশাসনকে জানালে বন বিভাগের সদস্যরা ভাদালিয়া এলাকা গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করেন।

জলদী বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, গন্ধগোকুল বর্তমানে সংরক্ষিত প্রাণী। উপজেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে গন্ধগোকুলটি উদ্ধারের পর তা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগ জানায়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় প্রথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় আছে প্রাণীটি। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুলের বাস। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি ধরা বা শিকার করা সম্পূর্ণ বেআইনি। গন্ধগোকুল স্থানীয় ভাষায় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। গন্ধগোকুল তালের রস পান করে বলে প্রাণীটি তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত।