টিউশনিতে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

হাতকড়া

টিউশনিতে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত আটটার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা করেছেন।

আহত শিক্ষার্থীর নাম শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে কয়েকটি সেলাই দিতে হয়েছে। অভিযুক্ত অটোরিকশাচালকের নাম আশিকুল ইসলাম (৪৩)। তিনি কাটাখালী থানার কাপাসিয়া এলাকার আজিজুল সরকারের ছেলে। বর্তমানে বোয়ালিয়া থানার হেতেমখাঁ কলাবাগান এলাকায় থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টা ১০ মিনিটে শাকিল তাঁর হল থেকে সাইকেলে বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় টিউশনিতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। রাত সাড়ে আটটার দিকে তিনি ভদ্রা মোড়ে পৌঁছালে পেছন থেকে অটোরিকশাচালক আশিকুল ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এত আস্তে কেউ সাইকেল চালায়?’ শাকিল প্রথমে কোনো উত্তর না দিলেও ওই চালক তাঁকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজের কারণ জানতে চাইলে চালক প্রথমে শাকিলকে ধাক্কা দেন। পরে অটোরিকশা থেকে একটি লোহার রড বের করে তাঁর মাথায় সজোরে আঘাত করেন। এতে শাকিলের মাথা ফেটে গুরুতর জখম হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী শাকিল দেওয়ান বলেন, তিনি সাইকেল নিয়ে টিউশনিতে যাচ্ছিলেন। ভদ্রা মোড়ে পৌঁছালে এক অটোচালক পেছন থেকে তাঁকে উদ্দেশ করে বলেন, ‘এত আস্তে কেউ সাইকেল চালায়?’ একই সঙ্গে ওই চালক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি এই আচরণের প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ঘটনার পরপরই আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করতে পুলিশকে জানানো হয়। ওই সড়কে শিক্ষার্থীরা প্রায়ই হেনস্তা ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হবে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মারধরের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মামলা করেছেন। অভিযুক্ত অটোরিকশাচালক পুলিশ হেফাজতে রয়েছেন। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।