আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা সার কারখানার মূল ফটক
ফাইল ছবি

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ইটপাটকেলের আঘাতে পুলিশের ৩ সদস্যসহ ১৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশরাফুল আলম ও রফিকুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। আশরাফুল উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। রফিকুল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ বিরোধের জের ধরে আজ দুপুর সাড়ে ১২টায় আশরাফুল আলমের সমর্থকেরা প্রথমে সার কারখানা এলাকায় রফিকুল ইসলামের বুশরা বাণিজ্যিক সংস্থার কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে মারেন। এ সময় কার্যালয়ের জানালা ভাঙচুর করা। এ খবর ছড়িয়ে পড়লে কারখানা এলাকায় আশরাফুল ও রফিকুলের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ইটের আঘাতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, কনস্টেবল নজরুল ইসলাম ও মাজহারুল ইসলাম আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুই পক্ষের আহত ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে সংঘর্ষের পরে রফিকুল ইসলামের সমর্থকেরা চরপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের বাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এ ঘটনার পর থেকে কারখানায় শতাধিক দোকানপাট আতঙ্কে বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, দুপুরে আশরাফুল আলমের সমর্থকেরা তাঁরা বাণিজ্যিক সংস্থার কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালান। এ সময় ২ লাখ ৮৬ হাজার টাকা ছিনতাই করে নেওয়া হয়। সংঘর্ষের সময় তাঁর ১০ জন সমর্থক আহত হয়েছেন। বাড়িতেও হামলা করে ভাঙচুর করা হয়।

ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে তাঁর ছয়জন সমর্থক আহত হয়েছেন। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।