উত্তর চট্টগ্রামসহ দুই পার্বত্য জেলায় আকস্মিক পরিবহন ধর্মঘট, ৪ ঘণ্টা পর প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গণহারে’ বাস রিকুইজিশন করার অভিযোগে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ ধর্মঘট ডেকেছিল
ছবি: সংগৃহীত

উত্তর চট্টগ্রাম ও দুই পার্বত্য জেলায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিক পরিবহন ধর্মঘট ডাকেন মালিকেরা। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা সাড়ে ১১টার দিকে ধর্মঘট স্থগিত করা হয়।

পুলিশ ‘গণহারে’ বাস রিকুইজিশন করছে—এমন অভিযোগে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ এই ধর্মঘট ডেকেছিল। ধর্মঘটের আওতাভুক্ত এলাকাগুলো ছিল উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এবং দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার কক্সবাজারে জেলা আওয়ামী লীগ জনসমাবেশ ছিল। এই জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে ৯৭টি বাস রিকুইজিশন করেছিল পুলিশ। তার মধ্যে হাটহাজারীর ২৪টি। এর মধ্যে ১৩টি বাস পুলিশ ব্যবহার করে। বাকি বাসগুলো দলীয় নেতা-কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হয়।

রিকুইজিশন করা বাসগুলোর জন্য পর্যাপ্ত তেল খরচ দেওয়া হয়নি। এ কারণে মালিকপক্ষকে গাড়ির তেলের জন্য টাকা দিতে হয়। তা ছাড়া কক্সবাজারে কিছু নেতা-কর্মী চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, গণহারে বাস রিকুইজিশন, গাড়ির খরচের টাকা দেওয়া ও হয়রানি বন্ধের দাবিতে আজ সকালে তাঁরা পরিবহন ধর্মঘট ডেকেছিলেন। পরে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন প্রথম আলোকে বলেন, সামান্য ঘটনায় পরিবহনমালিকেরা আজ সকালে গাড়ি চলাচল বন্ধ রেখেছিলেন। তবে বেলা সাড়ে ১১টা থেকে আবার তা চালু হয়। তাঁদের হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছে।