‘বাসচালকেরা একটু সচেতন হলে হয়তো আমার ভাইকে মরতে হতো না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিন দুলাভাই ও ভাগনের সঙ্গে পিয়াস খান (পেছনে)
ছবি: সংগৃহীত

‘আমার ভাই যদি ফুটওভার ব্রিজ (পদচারী–সেতু) ব্যবহার করত, তাহলে এমন ঘটনা ঘটত না। বাসের চালকেরাও যদি একটু সচেতন হতো, তবে হয়তো আমার ভাইকে মরতে হতো না। আইল্যান্ড (সড়ক বিভাজক) টপকে পার হওয়া যায়, ওটা তো সে অন্যদের দেখেই শিখেছে। সবাই সহজে এভাবে সড়ক পার হয়, তাই সেও পার হতে চেয়েছিল।’

ছোট ভাই পিয়াস খানকে (২৮) হারানোর যন্ত্রণা নিয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন আজিজা সুলতানা। গতকাল সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপণিবিতান রাজ্জাক প্লাজার সামনে সড়ক বিভাজক টপকে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান পিয়াস খান।

তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পিয়াস খান। ছোটবেলায় মা–বাবা মারা যাওয়ার পর থেকে বড় বোন আজিজা সুলতানার কাছেই বড় হন তিনি। দুলাভাই নজরুল ইসলাম সন্তানের মতো করে যত্ন নিতেন পিয়াসের। পিয়াসের রাজ্জাক প্লাজার কাপড়ের দোকানটিও তাঁদের আর্থিক সহযোগিতায় করা।

আজ মঙ্গলবার সকালে সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড় এলাকায় আজিজা সুলতানার বাসায় গিয়ে দেখা যায়, স্বজনদের অনেকে বাসার বসার কক্ষে (ড্রইংরুমে) মলিনমুখে বসে আছেন। পাশের একটি কক্ষে ছিলেন আজিজা সুলতানা ও তাঁর স্বামী মো. নজরুল ইসলাম। একটু পর দুজনে চলে আসেন বসার কক্ষে। পিয়াস খানের সঙ্গে বিভিন্ন সময়ের নানা বিষয়ের স্মৃতিচারণা করতে থাকেন দুজনে। গতকালের ঘটনায় বাসের চালকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাঁদের। তাঁরা চান, এভাবে যেন আর কারও সন্তান, ভাই, বোন ও স্বজনকে হারাতে না হয়। সড়কে আইন মানার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদারকি চান তাঁরা।

আরও পড়ুন

নজরুল ইসলাম সিঙ্গাপুরে ছিলেন। ঈদের এক দিন আগে দেশে ফেরেন। পিয়াসের জন্য হাতঘড়ি, ব্যাগসহ নানা উপহার নিয়ে এসেছিলেন। সেসব মনে করে সোফায় বসে চাপাকান্নায় ভেঙে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, ‘ঈদের দিন ছেলে ও সিয়ামকে নিয়ে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। এরপর কোরবানি দিয়েছি। বেশ হাসিখুশি পিয়াস সব সময়ই সবাইকে মাতিয়ে রাখত। ও (পিয়াস) এভাবে আমাদের ফেলে চলে যাবে, এটা মানতেই পারছি না।’

নজরুল ইসলাম বলেন, ‘সবাই যদি এভাবে (সড়ক বিভাজক টপকে) সড়ক পার হয়, তবে পিয়াসের মতো অনেকে দেখে দেখে এভাবেই সড়ক পার হতে শিখবে। আমরা চাই, আর যেন এমন ঘটনা না ঘটে। তাই যারা এভাবে সড়ক পার হবে, তাদের জরিমানার আওতায় আনতে হবে।’ তিনি বলেন, পিয়াসের মা-বাবা নেই। বিয়েও করেননি। তাই তাঁদের ক্ষতিপূরণ বা এজাতীয় কোনো কিছু চাওয়ার নেই। বাসচালকদের দোষ কতটুকু জানেন না। যদি কোনো অপরাধ না থাকে, তবে তাঁদের পরিবারের কথা বিবেচনা করে এ ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয়।

প্রাণ কেড়ে নেওয়া দুর্ঘটনার পরও বিভাজক টপকে সড়ক পারাপার থামেনি। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেটের সামনে
ছবি: প্রথম আলো

গতকাল দুপুরে পিয়াস সাভারের রাজ্জাক প্লাজার সামনে সড়ক বিভাজক টপকে ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন। নিরবচ্ছিন্নভাবে গাড়ি চলাচলের লেনে যাওয়ার পর আরিচাগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে আরেকটি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় ওই সময়ে বাস দুটি আটক করা হয়।

আজ দুপুরে গতকালের দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অনেকে সার্ভিস লেনের সড়ক বিভাজক টপকে নিরবচ্ছিন্নভাবে বাস চলাচলের লেনে গিয়ে দাঁড়িয়ে আছেন। সড়কের একপাশের নিরবচ্ছিন্নভাবে বাস চলাচলের লেনে যাত্রীদের নামিয়ে দিচ্ছে এবং যাত্রী ওঠাচ্ছে বিভিন্ন পরিবহনের বাসগুলো। বাস থেকে নেমে যাওয়া যাত্রীরা সড়কের একপাশ থেকে অপর পাশে যাচ্ছেন সড়ক বিভাজক টপকে।

নিরবচ্ছিন্নভাবে বাস চলাচলের লেনে নেমে যাওয়া যাত্রী মো. রফিকুল ইসলাম সড়ক পার হন সড়ক বিভাজক টপকে। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ধামরাই থেকে আসছি। এখানে নামিয়ে দিছে, কী করব। বাধ্য হয়ে পার হচ্ছি।’

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, সড়কে নিরবচ্ছিন্নভাবে চলাচলের লেনে যাত্রী ওঠানামা করানো হলে ওই পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মামলা, জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন করা হচ্ছে।

আজিজুল হক বলেন, সড়ক বিভাজক টপকে সড়ক পার হওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নিতে হবে।