শেষ দিনে ত্রিপুরায় গেল ১৫ হাজার ৫০ কেজি ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানির জন্য অপেক্ষমাণ ইলিশবাহী গাড়ি
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ৯ সেপ্টেম্বর থেকে ইলিশ রপ্তানি শুরু হয়। সর্বশেষ আজ শুক্রবার ত্রিপুরার কৈলাশহর ১৫ হাজার ৫০ কেজি ইলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৩৮ হাজার ৭৪৫ কেজি ইলিশ ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে।

চাতলাপুর শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের সমঝোতা চুক্তি অনুযায়ী ৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে ৯ সেপ্টেম্বর থেকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে ইলিশ রপ্তানি শুরু করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

আজ বেলা সাড়ে তিনটায় শুল্ক স্টেশন এলাকায় দেখা গেছে, নড়াইল জেলার ‘আরিফ সি ফুড’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৯ হাজার ৫০ কেজি ইলিশ রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি ‘জারা এন্টারপ্রাইজ’ নামের আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে আজ ছয় হাজার কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। সব মিলিয়ে আজ রপ্তানি করা হয়েছে ১৫ হাজার ৫০ কেজি ইলিশ।

জারা এন্টারপ্রাইজের মালিক মশিক মোল্লা ও আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন বলেন, ভারতে ইলিশ রপ্তানির সুযোগে পেয়ে সেই দেশের ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী চলতি মাসে তাঁরা ত্রিপুরার কৈলাশহরে প্রচুর পরিমাণে ইলিশ রপ্তানি করেছেন।

চাতলাপুর শুল্ক স্টেশনের কর্মকর্তা রেজাউল কবির প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ভারতে ইলিশ রপ্তানির শেষ দিন। আজ ত্রিপুরার কৈলাশহরে এক দিনে সর্বোচ্চ ১৫ হাজার ৫০ কেজি ইলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, চলতি মাসে এ স্থলপথ দিয়ে কৈলাশহরে মোট ৩৮ হাজার ৭৪৫ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। এতে সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব আয় হয়েছে।