পাথরঘাটা থেকে বাস মালিক সমিতির ধর্মঘটের পর বিআরটিসি বাসও বন্ধ

পাথরঘাটার বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বাসগুলো রেখে দেওয়া হয়েছে
ছবি: প্রথম আলো

বরিশাল বাস মালিক সমিতির আহ্বানে বরগুনার পাথরঘাটা থেকে সব রুটে বাস ধর্মঘট চলছে। এর মধ্যে গতকাল শুক্রবার সকাল থেকে পাথরঘাটা থেকে পাঁচটি রুটে চলাচলকারী বিআরটিসি বাসও চলছে না। এ বিষয়ে বিআরটিসির কাউন্টার পরিচালনাকারী ব্যক্তিরা কোনো সদুত্তর দিতে পারেননি।

সাধারণ বাসের পাশাপাশি বিআরটিসি বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের দাবি, আজ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে লোকসমাগম ঠেকাতে বিআরটিসির বাসও বন্ধ করে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা থেকে প্রতিদিন বরিশাল, খুলনা, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও পাথরঘাটার খলিফারহাট ইউনিয়ন থেকে খুলনায় বিআরটিসির ১২টি বাস যাতায়াত করে। এদিকে পাথরঘাটার তালতলা বাসস্ট্যান্ড, নতুন বাজার বাসস্ট্যান্ড, খলিফারহাট বাসস্ট্যান্ড ও কাকচিড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস মালিক সমিতির অন্তত ৪০টি বাস চলে। তবে গতকাল সকাল থেকে কোনো বাসই চলছে না।

বাস বন্ধ থাকায় ভোগান্তির কথা স্বীকার করেছেন বিআরটিসির পাথরঘাটা কাউন্টারের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, নতুন বাজার বাসস্ট্যান্ড কাউন্টারের ব্যবস্থাপক এ এস এম জসিম ও তালতলা বাসস্ট্যান্ড কাউন্টারের ব্যবস্থাপক কিরণ হোসেন। বাস বন্ধের কারণ জানতে চাইলে পাথরঘাটা কাউন্টারের আবুল কালাম আজাদ বলেন, বিআরটিসি বাস শুক্র ও শনিবার দুই দিন বন্ধ থাকবে। এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশ ধরে একটি বাস রেখে দেওয়া হয়েছে। অপর দুটি বাসস্ট্যান্ড মাঠে রাখা আছে। তবে তিনটি বাসেরই গেট বন্ধ। এ ছাড়া পাথরঘাটা তালতলা ও নতুন বাজার বাসস্ট্যান্ডে প্রায় ৩০টি বাসকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাস বন্ধ থাকায় চালক ও চালকের সহকারীরা অলস সময় কাটাচ্ছেন।

ঢাকা রুটে চলাচলকারী গ্রামীণ পরিবহনের চালকের সহকারী হীরা শরীফ প্রথম আলোকে বলেন, ‘আজ শনিবার বরিশালের বিএনপির গণসমাবেশের কারণে আমাদের মালিকেরা পরিবহন বন্ধ রাখতে বলেছেন। শুনেছি, মারামারি হলে যদি বাসের ক্ষতি হয়, তাই তাঁরা বাস বন্ধ রেখেছেন।’

সমাবেশ বরিশালে কিন্তু পাথরঘাটা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ কেন—এ প্রশ্নের জবাবে হীরা শরীফ বলেন, ‘অতশত জানি না, তবে বিএনপির সমাবেশ, তাই বাস বন্ধ—এটুকুই জানি।’