ব্যস্ত সড়কে যুবককে ঘিরে পাঁচ অস্ত্রধারীর মুহুর্মুহু গুলি

গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতানছবি: পরিবারের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ব্যস্ততম মুরাদপুর ফরেস্ট গেট এলাকা। ওপরে উড়ালসড়ক, নিচে সিডিএ অ্যাভিনিউ দিয়ে চলছে একের পর এক যানবাহন। এর পাশেই একটি দোকানের সামনে বেঞ্চে বসে ছিলেন ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম নামের এক যুবক। হঠাৎ অস্ত্র হাতে পাঁচ যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। প্রাণ বাঁচাতে পাশের একটি ভবনে আশ্রয় নেন তিনি। সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন অস্ত্রধারীরা। এতে ভবনের দরজা ও জানালার কাচে গুলি লাগে। আহত হন ইমতিয়াজ।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমতিয়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। পুলিশ জানায়, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি এসআরবির হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন ইমতিয়াজ। দুই মাস আগে জামিনে মুক্তি পান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ অস্ত্রধারী ইমতিয়াজকে লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি ছোড়েন। তাঁর কোমর ও পায়ের তালুতে গুলি লাগে। পরে অস্ত্রধারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে একজন দোকানদারের দাবি, তাঁরা মুরাদপুর মোড়ের কাছ থেকে মোটরসাইকেলে করে চলে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক দোকানদার প্রথম আলোকে বলেন, তাঁর দোকানের সামনের লম্বা বেঞ্চে বসে ছিলেন ইমতিয়াজ। অস্ত্র হাতে পাঁচ যুবক সিডিএ অ্যাভিনিউ সড়কের পূর্ব দিক থেকে হেঁটে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এ সময় ইমতিয়াজ পাশের চারতলা একটি ভবনের দোতলায় উঠে যান। তখন অস্ত্রধারীরা ভবনটি ঘিরে গুলি করতে থাকেন। প্রায় ২৫ থেকে ৩০টি গুলি ছোড়ার পর তাঁরা হেঁটে সড়কের পূর্ব দিকে চলে যান।

সড়কের পাশের ভবনের জানালায় গুলির চিহ্ন। আজ বিকেলে
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইমতিয়াজ যে দোকানের সামনে বসে ছিলেন, তার পাশের একটি মুঠোফোনের দোকানের লোহার দরজায় গুলির চিহ্ন রয়েছে। দোকানটির পাশেই ভবনের সিঁড়িঘর। ইমতিয়াজ পালিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে দরজায় গুলি লাগে। দোতলা ভবনটির কাচের জানালাও গুলিতে ভেঙে গেছে।

ভবনটির দোতলার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, হঠাৎ গুলির শব্দ শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। ওই সময় রক্তাক্ত অবস্থায় ইমতিয়াজ তাঁদের বাসায় ঢুকে পড়েন। তখন তাঁদের বাসায় দুপুরের খাবার খেতে এসেছিলেন মসজিদের এক মুয়াজ্জিন। বসার ঘরের জানালার কাচ ভেঙে একটি গুলি মুয়াজ্জিনের কানের পাশ দিয়ে চলে যায়। এতে তিনি কানে আঘাত পান।

আরও পড়ুন
এই দোকানের সামনে বসা ছিলেন গুলিবিদ্ধ যুবক ইমতিয়াজ
ছবি: প্রথম আলো

ওই বাসিন্দা জানান, অস্ত্রধারীরা ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত প্রথম আলোকে বলেন, কারা গুলি করেছে, তা পুলিশ তদন্ত করছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

গুলিবিদ্ধ ইমতিয়াজের স্ত্রী রুমা আক্তারের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তাঁর অনুসারীরা স্বামীকে গুলি করেছেন। দীর্ঘদিন ধরে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।

রুমা আক্তার বলেন, ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে তাঁরা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এরপর হুমকি দেওয়ার ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন তাঁরা। পরে বিভিন্ন সময়ে সাজ্জাদ ও তাঁর অনুসারীরা তাঁদের নানা ধরনের হুমকি দিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাঁরা কোনো নিরাপত্তা পাননি।

আরও পড়ুন