জেলার রাজনীতি ৩২
শেরপুর আওয়ামী লীগে সভাপতি-সম্পাদকের দ্বন্দ্ব , মামলায় বিপর্যস্ত বিএনপি
মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যে বিরোধ আছে। যদিও সেটিকে বিরোধ বলতে নারাজ নেতারা। মামলা-হামলায় কোণঠাসা বিএনপির নেতা-কর্মীরা।
সভাপতি-সাধারণ সম্পাদক ও একজন সহসভাপতি দিয়েই চলছে শেরপুর জেলা আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক কার্যালয়ে বসেন। প্রায় এক বছর আগে সম্মেলন হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এমন পরিস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
অন্যদিকে মামলা-হামলায় বিপর্যস্ত জেলা বিএনপি। দলটির সাধারণ সম্পাদক নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ থাকলেও নিজেদের অস্তিত্ব রক্ষায় নেতা-কর্মীরা সংগঠিত। জাতীয় নির্বাচনের চেয়ে সরকার পতনের একদফা আন্দোলনে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা।
আওয়ামী লীগে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব
এক বছর আগে জেলা আওয়ামী লীগের সম্মেলনে শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. আতিউর রহমানকে সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে জ্যেষ্ঠ সহসভাপতি করে কমিটি ঘোষণা করা হয়। টানা পাঁচবারের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান এবারও মনোনয়নপ্রত্যাশী। এবার আতিউরের শক্ত প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন। সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ারের সঙ্গে আছেন সদর ও জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। পৌর নিউমার্কেটে ব্যক্তিগত কার্যালয় খুলে তিনি দলের কর্মকাণ্ড পরিচালনা করছেন। সহযোগী সংগঠনের মধ্যে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও জেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি আছে। আহ্বায়ক কমিটি দিয়েই চলছে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম। ছাত্রলীগের কোনো কমিটিই নেই।
আতিউর রহমান ও ছানুয়ার হোসেন ছাড়াও দলীয় মনোনয়ন চেয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কিবরিয়া, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমা তুজ জহুরা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান দলীয় ফরম কিনেছেন।
ছানুয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সারা দেশের তুলনায় শেরপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে কয়েকজনের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। তাই শেরপুরের উন্নয়ন করতে আগামী নির্বাচনে তিনি মনোনয়ন চেয়েছেন।
হুইপ আতিউর রহমান বলেন, আওয়ামী লীগ বড় দল। সংসদ নির্বাচনের জন্য অনেকেই মনোনয়ন চাইতে পারেন। তবে কে মনোনয়ন পাবেন, তা দলীয় সভাপতি শেখ হাসিনাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন।
নকলা ও নালিতাবাড়ী উপজেলায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দুই উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে সংসদ সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আব্দুস সামাদ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুকছেদুর রহমান ও জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ ও মুকছেদুর রহমান।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বর্তমান সংসদ সদস্য নিয়ে স্থানীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের দূরত্ব তৈরি হয়েছে। এ আসনে বর্তমান সংসদ সদস্য এ কে এম ফজলুল হক, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাঈম, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম, শিল্প উদ্যোক্তা এইচ এম ইকবাল হোসাইন, প্রয়াত সংসদ সদস্য আব্দুল বারীর ছেলে মহসিনুল বারী, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মতিন এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।
ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম এ ওয়ারেজ নাঈম বিভিন্ন সমাবেশে অভিযোগ করে বলেন, ফজলুল হক তিনবারের সংসদ সদস্য হলেও এলাকায় তেমন উন্নয়ন করেননি, এলাকায়ও তেমন একটা আসেন না।
তবে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, তিনি ১৫ বছরে তাঁর নির্বাচনী এলাকায় যে উন্নয়নকাজ করেছেন, ৫০ বছরেও তা হয়নি।
মামলায় বিপর্যস্ত বিএনপি
সাত বছর আগে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হককে সভাপতি ও মো. হযরত আলীকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। হযরত আলীকে সাধারণ সম্পাদক করায় প্রকাশ্য কোন্দলও দেখা দেয়। পরে অধিকাংশ নেতা-কর্মী হযরত আলীকে মেনে নেন। বর্তমানে জেলা বিএনপি দলীয়ভাবে সংগঠিত হলেও সরকারবিরোধী আন্দোলনের কারণে উপর্যুপরি মামলায় বিপর্যস্ত নেতা-কর্মীরা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে সরকারবিরোধী আন্দোলন বা কর্মসূচি দিলে জেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশি মামলা ও সরকারি দলের হামলা নৈমিত্তিক ঘটনা হয়ে যায়। গত এক যুগে এসব মামলায় দলের পাঁচ শতাধিক নেতা-কর্মী কারাগারে ছিলেন। ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতাল ও পরে অবরোধ কর্মসূচি ঘিরে শেরপুরের পাঁচ উপজেলায় বিএনপির ৪ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে অন্তত ৮টি মামলা হয়েছে। এসব মামলায় ১৫ নভেম্বর পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছয়টি মামলায় জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে। অধিকাংশ নেতা-কর্মী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম কে মুরাদুজ্জামান বলেন, অতি-উৎসাহী পুলিশ ‘গায়েবি’ মামলা দিয়ে ভিন্নমত দমন ও বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে তৎপরতা শুরু করেছে।
বিএনপির সহযোগী সংগঠনের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি আছে। আহ্বায়ক কমিটি দিয়ে চলছে জেলা মহিলা দল ও কৃষক দল। জেলা বিএনপির সহসভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ২৮ অক্টোবরের পর মামলা-হামলায় তাঁরা বিপর্যস্ত। অনেক নেতা-কর্মী কারাগারে আছেন।
এম কে মুরাদুজ্জামান বলেন, বিএনপি দেশের জনগণকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। এখন এক দফার আন্দোলন ছাড়া নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে নির্বাচনে প্রার্থী বা মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হবে।