দৌলতদিয়া-পাটুরিয়ায় আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে আজ সোমবার সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত আড়াই ঘণ্টার মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। এ ছাড়া ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার মতো আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথের নদী অববাহিকায় ভারী কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে কর্তৃপক্ষ দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দুই নৌপথের সব ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় দৌলতদিয়ায় ৪টি বড় ও ২টি ছোট ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। পাটুরিয়ায় ২টি বড় ও ১টি ছোট ফেরি এবং মাঝ নদীতে একটি বড় ও একটি ছোট ফেরি নোঙর রাখতে বাধ্য হয়। আরিচা-কাজিরহাট রুটে চলাচলরত ছোট-বড় ৫টি ফেরিই দুই ঘাটে নোঙর করা ছিল।
কুয়াশা ও শীতের মধ্যে মাঝ নদীতে আটকে থাকা ফেরির যাত্রী, যানবাহনের চালক ও সহকারীরা ভোগান্তির শিকার হন। সাভারের আশুলিয়া থেকে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘পরিবারের একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে ভোরেই রাজবাড়ীর উদ্দেশে মোটরসাইকেলে রওনা করি। সাড়ে ছয়টার দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছে ফেরি বন্ধ থাকায় আটকে থাকতে হয়। সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চালু হলে ফেরিতে উঠতে পারি। আমার মতো শত শত মানুষ কুয়াশার মধ্যে ভোগান্তিতে পড়েন।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, এই মৌসুমে পঞ্চম দিনের মতো ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট দুই নৌপথেই ফেরি চলাচল ব্যাহত হয়।