মতলব উত্তরে জাটকা নিধন থামছে না
এক মাস ১১ দিনে ১২১টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ২৪ দশমিক ১৬ মেট্রিক টন জাটকা জব্দ করা হয়।
ঘন ঘন অভিযান পরিচালনার পরও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন অংশে নিষেধাজ্ঞা ভেঙে জাটকা শিকার বন্ধ হচ্ছে না। অভিযান পরিচালনাকারী দলে থাকা সদস্যদের অভিযোগ, তাঁদের অভিযান চালানোর খবর আগেভাগে ফাঁস হয়ে যাচ্ছে। ফলে বেশির ভাগ সময় জড়িত ব্যক্তিদের ধরা যাচ্ছে না।
অন্যদিকে জেলেরা বলছেন, মাছ না ধরলে তাঁদের আয়রোজগার বন্ধ থাকে। সরকারি সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় কম। ফলে বাধ্য হয়ে তাঁরা নদীতে নেমেছেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ইলিশ রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সময়ে জাটকা ও ইলিশ শিকার বন্ধসহ এগুলো বিক্রি, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। উপজেলায় নিবন্ধিত ৮ হাজার ২২২ জেলেকে গত ফেব্রুয়ারি থেকে মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এরপরও জাটকা নিধন বন্ধ হচ্ছে না।
মার্চের ১৮ তারিখ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত মেঘনার ষাটনল, এখলাসপুর, মোহনপুর, শিকিরচর ও আমিরাবাদ এলাকা ঘুরে দেখা যায়, সেখানকার বিভিন্ন অংশে নদীতে কারেন্ট জাল পাতা। এসব জালের দুই প্রান্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাঁধা। তবে জালের আশপাশে কোনো জেলে নেই। জাল থেকে নিরাপদ দূরত্বে কিছু ট্রলারে জেলেরা অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর পর কয়েকজন জেলে জাল তুলে মাছ নিয়ে ট্রলারে করে দ্রুত সেখান থেকে চলে যান।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার আমিরাবাদ এলাকার এক জেলে সম্প্রতি বলেন, ‘জাল না ফালাইলে সংসারের খরচ চালামু ক্যামনে। মৎস্য অফিসের লোকেরা মাসে ৩০-৪০ কেজি কইরা চাউল দেয়। এই চাউল দিয়া পুরা মাস চলে না। শুধু চাউল দিয়াই তো চলে না। সংসারের তেল-নুন, ডালসহ প্রয়োজনীয় জিনিস কিনতে অয়। এগুলো কিনতে টাকা পামু কই। এর লিগা জাল ফালাইয়া জাটকা ধরি। অভাব না থাকলে এগুলি ধরতাম না।’
সংসারের তেল-নুন, ডালসহ প্রয়োজনীয় জিনিস কিনতে অয়। এগুলো কিনতে টাকা পামু কই। এর লিগা জাল ফালাইয়া জাটকা ধরি। অভাব না থাকলে এগুলি ধরতাম না।
উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, জাটকা ধরা বন্ধে তাঁর কার্যালয়, স্থানীয় নৌ পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের উদ্যোগে ১ মার্চ থেকে গত মঙ্গলবার পর্যন্ত এক মাস ১১ দিনে ১২১টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৪ লাখ ৩৬ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ২৪ দশমিক ১৬ মেট্রিক টন জাটকা ও ৪টি নৌকা জব্দ করা হয়। অভিযান চলাকালে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে ১২ জনকে ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিযান পরিচালনাকারী দলের এক সদস্যের অভিযোগ, তাঁরা অভিযান তো অনেক চালাচ্ছেন, কিন্তু জড়িত লোকজনকে ধরা যাচ্ছে না। কারণ, জেলেরা আগে থেকে জেনে যাচ্ছেন, কোথায় তাঁরা অভিযান চালাবেন। ফলে অভিযান ফলপ্রসূ হচ্ছে না।
এ বিষয়ে আমিরাবাদ এলাকার নদীতে কারেন্ট জাল বিছিয়ে অপেক্ষা করা কয়েক জেলের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, অভিযান পরিচালনাকারী দলের সদস্যদের সঙ্গে কিছু মহাজন আর জেলের গোপন সম্পর্ক রয়েছে। তাঁরা ব্যক্তিগত স্বার্থ ও লাভের জন্য আগেভাগে অভিযানের খবর জেলেদের কাছে পৌঁছে দেন। এতে অভিযানের সময় তাঁরা নিরাপদ স্থানে চলে যেতে পারেন।
উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, অভিযানের খবর আগে ফাঁস হওয়ার অভিযোগ ভিত্তিহীন নয়। এ রকম ঘটনা ঘটছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, এ বিষয়ে তাঁরা প্রমাণ ছাড়া কথা বলতে পারবেন না। তবে এসব অপতৎপরতা বন্ধ হওয়া দরকার।