দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট
ঢাকার দোহারের নারিশা পশ্চিমচর বেলতলা এলাকার একটি বাড়িতে গতকাল বুধবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দোহার থানায় মামলা হয়েছে।
বাড়ির মালিক জামাল তালুকদার বলেন, তিনি তাঁর দোতলা ভবনের নিচতলায় থাকেন। গতকাল দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মুখোশ পরা পাঁচ–ছয়জনের একটি ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে দেশি অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় তারা তাঁর ও তাঁর স্ত্রীর হাত–পা বেঁধে কম্বল দিয়ে দুজনকে ঢেকে রাখে। পরে আলমারির চাবি নিয়ে ভেতরে থাকা প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ টাকা ও ৩টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। পরে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন, তবে ডাকাত দল ততক্ষণে পালিয়ে যায়।
পুলিশ জানায়, জামাল তালুকদারের তিন মেয়ে ও দুই ছেলে। দুই ছেলে ইতালিপ্রবাসী। ঘটনার দিন বাড়িতে তিনি ও তাঁর স্ত্রী ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে দোহারের ফুলতলা এলাকা থেকে মো. সাগর মোড়ল (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির মূল ঘটনা প্রকাশ্যে আসতে পারে। সাগর দক্ষিণ শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শামীম হোসেন বলেন, ডাকাতির সঙ্গে জড়িত চক্রকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।