কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগ
কমিটিতে পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ
সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়। ওই সম্মেলন ২৬ নভেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া পূর্বনির্ধারিত নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনও হয়নি। তাই এই দুই কমিটিতে পদ পেতে জোর তত্পরতা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতা–কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে হয়। সভায় মেয়াদোত্তীর্ণ কুমিল্লার পাঁচ উপজেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর সদর দক্ষিণ উপজেলা, ৩০ অক্টোবর আদর্শ সদর উপজেলা, ৭ নভেম্বর লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ ছাড়া ৫ নভেম্বর কুমিল্লা মহানগর ও ৭ নভেম্বর লাকসাম পৌর আওয়ামী লীগের সম্মেলনও হয়। কিন্তু ১২ নভেম্বর পূর্বনির্ধারিত নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। তার ওপর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়। ওই সম্মেলন ২৬ নভেম্বরের পরিবর্তে আগামী ৮ ডিসেম্বর কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে হবে।
এদিকে আওয়ামী লীগের মহানগরের অন্তত পাঁচজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সাবেক রেলপথমন্ত্রী সংসদ সদস্য মো. মুজিবুল হক। এবার সভাপতি পদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুছ ছালাম বেগ, চট্রগ্রাম বিশ্ববিদালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা সৌরভের নাম আলোচনায় আছে। দলের একটি অংশের নেতারা চান আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বহাল থাকুক। আরেক অংশের নেতারা চান সভাপতি পদে তাজুল ইসলাম কমিটিতে অন্তর্ভুক্ত হোন। তবে মো. তাজুল ইসলাম বলেন, ‘তিনি জেলা কমিটিতে থাকতে ইচ্ছুক নন।’
আবদুছ ছালাম বেগ বলেন, ‘দল আমাকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দিলে তৃণমূলে দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করব।’
মুজিবুল হক বলেন, ‘জেলার সম্মেলনের আগে নাঙ্গলকোটের সম্মেলন শেষ করতে হবে।’
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি প্রসঙ্গে মো. মুজিবুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা জানেন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন?’
নাঙ্গলকোটে সম্মেলন ও কমিটি গঠন নিয়ে অস্থিরতা
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। অন্তঃকোন্দলে নির্ধারিত সময়ে সম্মেলন হয়নি।
সভাপতি পদপ্রত্যাশী হলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া। সম্পাদক পদপ্রত্যাশী হলেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল করিম মজুমদার, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ও নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার। এর মধ্যে নুরুল্লাহ মজুমদার সাধারণ সম্পাদক পদ পেতে এলাকায় পোস্টারিং ও প্রচারপত্র বিলি করেন।