বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ দুই দিন পর কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রামের সদরঘাট নৌ থানা-পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ টিটু (৩৮)। তিনি উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোর্দ্দ গহিরা এলাকার কালু চৌকিদারের ছেলে। তিনি দুই ছেলের বাবা।
চট্টগ্রামের সদরঘাট নৌ থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে আনোয়ারার রায়পুর এলাকার উপকূল থেকে মোহাম্মদ টিটুসহ কয়েকজন জেলে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগর উত্তাল হলে হঠাৎ টিটু নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। টিটুর সঙ্গে থাকা অন্য জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। গতকাল বেলা তিনটার পর থেকে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সদরঘাট নৌ থানা-পুলিশ রাতে লাশটি উদ্ধার করে। পরে টিটুর পরিবারের লোকজন গিয়ে লাশটি শনাক্ত করেন।
লাশটি মোহাম্মদ টিটুর বলে নিশ্চিত করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ।
চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।