কক্সবাজারে বিচ কার্নিভাল উপলক্ষে হোটেল-রেস্তোরাঁয় বিশেষ ছাড়
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে চলছে বিশাল কর্মযজ্ঞ। চারদিকে সাজ সাজ রব। সৈকতে পূর্বমুখী করে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। মঞ্চের সামনে লাবণী সড়কের দুই পাশে সারি সারি অস্থায়ী দোকানও নির্মাণ করা হয়েছে। কল্লোল হোটেলের সামনে তিন রাস্তার মুখে বসানো হয়েছে কাঠের তৈরি রঙিন নৌকা। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে সৈকতে বিচ কার্নিভালের (মেলা) আয়োজন করেছে জেলা প্রশাসন ও সৈকত ব্যবস্থাপনা কমিটি। মেলায় মুক্ত আলোচনার পাশাপাশি পর্যটকদের মন মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ডের সংগীত শিল্পীরা। মেলা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।
সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল উপলক্ষে হোটেল-রেস্তোরাঁ, গণপরিবহন ও উড়োজাহাজসহ ১৫টি খাতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বিনা মূল্যে উৎসব উপভোগের সুযোগও রাখা হয়েছে। এবারের উৎসবে অন্তত পাঁচ লাখ পর্যটকের সমাগম ঘটানো হবে বলে জানান সংশ্লিষ্টরা। তাই পর্যটক টানতেই ব্যাপক ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পর্যটন মেলা ও বিচ কার্নিভাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ ছাড়ের ঘোষণা দেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। আগামী বুধবার পর্যটন দিবসের দিন থেকে পর্যটকেরা এ ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান জেলা প্রশাসক। তিনি প্রথম আলোকে বলেন, হোটেল-রেস্তোরাঁসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষ ছাড় ঠিকমতো কার্যকর হচ্ছে কী না, তা দেখার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর থাকবেন। পর্যটকের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশের বেশ কয়েকটি নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। অভিযোগ জানানোর জন্য শহরের মোড়ে মোড়ে নিয়ন্ত্রণকক্ষের মুঠোফোন নম্বর টাঙানো হয়েছে।
ঘোষিত বিশেষ ছাড়ের আওতায় শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, গেস্টহাউস, কটেজ, রিসোর্টের কক্ষ ভাড়ার বিপরীতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। অর্থাৎ ১ হাজার টাকার ডাবল একটি হোটেল কক্ষের ভাড়া দাঁড়াবে ৪০০ টাকা। এ ছাড়া রেস্তোরাঁর খাবারের মূল্যে ১৫ শতাংশ, গণপরিবহন ভাড়ায় ২০ শতাংশ, হেলিকপ্টার রাইডে ১০ শতাংশ, পানিতে ভাসার টিউব ভাড়ায় ৩০ শতাংশ, বালুচরে বসার চেয়ার-ছাতার (কিটকট) ভাড়ায় ৩৩ শতাংশ, প্যারাসেইলিং রাইডে ৩০ শতাংশ, বিচ বাইক রাইডে ৩৩ শতাংশ, উড়োজাহাজের টিকিটে ১৫ শতাংশসহ ভ্রমণ ও বিনোদনের ১৫টি খাতে এ ছাড় কার্যকর হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, মেলা ও বিচ কার্নিভাল উপলক্ষে পর্যটকদের জন্য বুধবার সন্ধ্যায় উন্মোচিত হয়েছে ‘থিম সং’। আগামী সোমবার দিনব্যাপী চলবে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনই সৈকতে চালানো হবে পরিচ্ছন্নতা অভিযান। আগামী বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল।
চলছে জমকালো উৎসবের প্রস্তুতি
গতকাল শুক্রবার সকালে সৈকতে লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, লাবণী মঞ্চের সামনে সড়কের দুপাশে তৈরি হচ্ছে দোকানপাট। হোটেল কল্লোলের সীমানাপ্রাচীর ঘেঁষেও দোকানপাট বসানো হচ্ছে। তিন রাস্তার মুখে বসানো নৌকা থেকে ১ হাজার গজ দূরের মুক্তমঞ্চ পর্যন্ত সড়কে রিকশা, অটোরিকশার চলাচল বন্ধ রাখা হয়েছে।
আয়োজকেরা জানান, এবারের কার্নিভালেও দর্শক মাতাবে দেশের বিখ্যাত ব্যান্ড দল চিরকুট, আভাস, সুনামগঞ্জের শাহ আবদুল করিমের দল, কুষ্টিয়ার লালন গীতির দল, সিলেট, কুড়িগ্রাম, ময়মনসিংহের পালা গানের দলসহ জনপ্রিয় ব্যান্ড ও সংগীত শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন তিন পার্বত্য জেলা- বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিসহ কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।
পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে জানিয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার জিললুর রহমান বলেন, মেলায় নিরাপত্তায় ঘাটতি থাকবে না। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকতে কয়েক লাখ পর্যটকের সমাগম আশা করা হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, সাত দিনব্যাপী চলা এই পর্যটন মেলা ও বিচ কার্নিভালে কক্সবাজারের ঐতিহ্য তুলে ধরা হবে। বিশ্ববাসীর সামনে কক্সবাজারকে উপস্থাপন করতেই এ মেলার আয়োজন।
গত বছরও একই জায়গাতে জেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অন্তত চার লাখ মানুষের সমাগম ঘটেছিল বলে জানান কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ। তিনি বলেন, ইতিমধ্যে হোটেলে বিশেষ ছাড়ে পর্যটকদের জন্য কক্ষ বরাদ্দ শুরু হয়েছে।