‘অভয়া’ রূপে দুর্গা, পূজামণ্ডপে নারী নিপীড়নের প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে ‘অভয়া’ থিমে সাজানো হয়েছে পূজামণ্ডপ। গতকাল রোববার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের পূজামণ্ডপেছবি: প্রথম আলো

মণ্ডপের বেদিতে দেবী দুর্গার প্রতিমা। তার ঠিক ওপরে বড় অক্ষরে লেখা ‘ভয় নয়, প্রতিবাদ হোক’। পাশে আরেকটি পঙ্‌ক্তি ‘অভয়া, প্রতিবাদী নারীর কণ্ঠস্বর’। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকার পূজামণ্ডপে এবার দুর্গাপূজার আরাধনার সঙ্গে জায়গা পেয়েছে দেশজুড়ে নারী নিপীড়নের প্রতিবাদ।

সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের ১৮তম বর্ষের এই পূজার থিম ‘অভয়া’। মণ্ডপের সাজসজ্জায় নারীর ওপর নির্যাতন, ধর্ষণ ও বৈষম্যের চিত্র তুলে ধরে প্রতিবাদ জানানো হয়েছে।

মণ্ডপে ঢুকলেই চারপাশের দেয়ালে চোখে পড়ে অসংখ্য ব্যানার ও চিত্রকর্ম। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, সুফিয়া কামাল, ইলা মিত্র, রানি রাসমণি ও কাদম্বিনী গাঙ্গুলীর অনুপ্রেরণামূলক বাণী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এর পাশাপাশি আছে মুষ্টিবদ্ধ হাত, চোখ বাঁধা নারী এবং রক্তের ছোপের মতো লাল রঙের হাতের ছাপের চিত্রকর্ম, যা দর্শনার্থীদের গভীরভাবে নাড়া দিচ্ছে।

দেয়ালে টাঙানো স্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘পোশাক নয়, মানসিকতা বদলাও’, ‘অপরাধীর লজ্জা, ভুক্তভোগীর নয়’ এবং ‘প্রতিবাদ মানেই বিদ্রোহ নয়, প্রতিবাদ মানেই বিবেক’। এসব স্লোগানে মণ্ডপটি হয়ে উঠেছে এক প্রতিবাদী মঞ্চ।

দেয়ালে পিঠ ঠেকে গেলে নারীরা মা দুর্গার মতো অসুর বিনাশে বারবার ‘অভয়া’ রূপে ফিরে আসেন। অভয়া কোনো নাম নয়, এটি প্রতিবাদী নারীর কণ্ঠস্বর।
ত্রিদিব রক্ষিত, সভাপতি, সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদ, শ্রীমঙ্গল

আয়োজক কমিটির সভাপতি ত্রিদিব রক্ষিত প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবছরই থিমভিত্তিক পূজা করি। এবার আমাদের থিম অভয়া। সমাজে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হচ্ছেন।’ তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে নারীরা মা দুর্গার মতো অসুর বিনাশে বারবার ‘অভয়া’ রূপে ফিরে আসেন—এই বার্তাই তাঁরা সমাজকে দিতে চান। ত্রিদিব আরও বলেন, ‘অভয়া কোনো নাম নয়, এটি প্রতিবাদী নারীর কণ্ঠস্বর। নারীদের অন্ধকারে রাখলে সমাজ কখনো এগোতে পারে না। এসব চিন্তা থেকেই আমরা মণ্ডপ সাজিয়েছি।’

মণ্ডপে ঢুকলেই চারপাশের দেয়ালে চোখে পড়ে অসংখ্য ব্যানার ও চিত্রকর্ম। গতকাল রোববার বিকেলে শ্রীমঙ্গলের সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের পূজামণ্ডপে
ছবি: প্রথম আলো

মণ্ডপে আসা দর্শনার্থীদের অনেকেই এই আয়োজনের প্রশংসা করেছেন। অহনা রায় বলেন, পূজামণ্ডপে সাধারণত দেবীর আরাধনাই দেখা যায়। কিন্তু এখানে দুর্গার মহাশক্তির পাশাপাশি বাস্তব জীবনে নারীদের প্রতিবাদের ভাষাও চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। তাঁর ভাষ্য, ‘এই আয়োজন আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায়।’

মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। গতকাল রোববার বিকেলে শ্রীমঙ্গলের সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের পূজামণ্ডপে
ছবি: প্রথম আলো

সৃজিতা দাশ বলেন, ব্যানার, হাতের ছাপ ও উক্তিগুলো মনে করিয়ে দেয়, মুখ বুজে থাকার সময় শেষ। তাঁর মতে, সমাজ বদলাতে হলে প্রত্যেককে প্রতিবাদী হতে হবে। উৎসবের আনন্দের পাশাপাশি পূজামণ্ডপে এমন সচেতনতামূলক আয়োজন প্রশংসনীয়।