প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার আহ্বান গয়েশ্বর চন্দ্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচি শেষে আজ শনিবার বিকেলে শহরের খানপুর এলাকায় সমাবেশ আয়োজন করে। এতে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিল সংসদে পাস করে মানে মানে কেটে পড়েন। আর যদি এটা না করেন, তাহলে দেশ যেভাবে স্বাধীন হয়েছে, সেভাবে গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের জনগণ আদায় করবে।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল রোডে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগর বিএনপির এই পদযাত্রার আয়োজন করে।

ওই সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন। এটি সঞ্চালনা করেন সদস্যসচিব আবু আল ইফসুফ। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুরের পর থেকে বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রাস্থলে সমবেত হতে থাকেন। বিএনপির কর্মসূচি ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পদযাত্রাটি শহরের খানপুর থেকে শুরু হয়ে নগরের চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রথম অন্তরায় এই অবৈধ সরকার। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’ বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের ফরমাশ পালন করার জন্য এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যদি আপনার চিন্তার ফসল হয়ে থাকে, তাহলে আপনি কেন তা বাতিল করলেন, সেই জবাব আপনাকে দিতে হবে। বিএনপি থেকে নয়, বাংলাদেশে অনেক বিশিষ্ট নিরপেক্ষ ও দক্ষ লোক আছেন, তাঁদের দিয়ে একটি সরকার গঠন করে আপনি সরাসরি মাঠে এসে নির্বাচন করুন এবং সেই নির্বাচনে বিএনপিসহ সব দলই অংশগ্রহণ করবে। সংবিধানে যদি না থাকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে আনেন, তাহলে আমাদের আন্দোলনের দরকার নেই, আমরা যথাসময়ে নির্বাচনে অংশ নেব। আপনি যাঁকে ভরসাস্থল মনে করে রাষ্ট্রপতি করেছেন, তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যাক, আমরা নির্বাচন করি, এ ছাড়া আর অন্য কোনো পথ নেই।’

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, নারায়ণগঞ্জের সাত খুন, গুম, খুন সবই শেখ হাসিনা জানেন। আর শেয়ার মার্কেটের ১০ লাখ কোটি টাকা কীভাবে বিদেশে পাচার হয়েছে, তা-ও তিনি জানেন। গুম, খুন ও দুর্নীতি আওয়ামী লীগের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, ‘এই রাজনীতির জন্য বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করে নাই। দেশটাকে আমরা স্বাধীন করেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই পদযাত্রাকে যদি ভয় পান, তাহলে এত হইচই করেন কেন? এই নীরব পদযাত্রাকে যাঁরা ভয় পান, ধরে নিতে হবে তাঁরা কোথায় আছেন।’

ব্যবসায়ীরা শান্তিতে নেই উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ডলারের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারেন না। রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। কোনো টালবাহানা করে লাভ হবে না। ২৫ ফেব্রুয়ারি একই দাবিতে সারা দেশে প্রতিটি জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘এই সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারা অত্যাচার–নির্যাতন করে লাখ লাখ মানুষের জীবন নাশ করে দিচ্ছে। এই অবৈধ সরকারের কবল থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা আন্দোলন–সংগ্রাম শুরু করেছি।’ সরকারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেই সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।