সাতক্ষীরার শ্যামনগর
হাসপাতালের প্যাথলজি বিভাগ ৬ সপ্তাহ ধরে বন্ধ
সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা বন্ধের কারণে বাধ্য হয়ে বাইরে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে, যা অনেকের সামর্থ্যের বাইরে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মাসহ সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা প্রায় ছয় সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। হাসপাতাল ভবন পরিত্যক্ত ঘোষণার পর পরীক্ষাগারের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা না করতে পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা বিপাকে পড়েছেন। বিশেষ করে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষেরা ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মে মাসের শুরু থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত, প্রস্রাব, ডায়াবেটিস, টাইফয়েড ও হিমোগ্লোবিন, যক্ষ্মা ও জিন এক্সপার্টের মতো গুরুত্বপূর্ণ সব পরীক্ষা বন্ধ রয়েছে। প্রতিদিন বহির্বিভাগসহ জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা দেড় শতাধিক রোগীকে বাধ্য হয়ে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এসব পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে। এতে তাঁদের কয়েক গুণ বেশি টাকা খরচ হচ্ছে।
মূল হাসপাতাল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পর চিকিৎসকদের জন্য নির্ধারিত আবাসিক ভবনে অস্থায়ীভাবে প্যাথলজি বিভাগ চালু রাখা হয়। দেড় মাস আগে সেখানে ছাদ ধসে পড়ে। বাধ্য হয়ে প্যাথলজি বিভাগ বন্ধ রাখা হয়েছে।
উপজেলার বিড়ালাক্ষী গ্রামের স্বরবানু বেগম বলেন, নাতনিকে ডাক্তার দেখার পর রক্তসহ প্রস্রাবের পরীক্ষা করাতে পরামর্শ দেন। কিন্তু সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর সুযোগ না থাকায় বেশি খরচে বাইরে থেকে পরীক্ষা করাতে হয়েছে। প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। বাইরে পরীক্ষা করাতে গিয়ে টাকায় না কুলানোয় ওই দিন চিকিৎসকের ব্যবস্থাপত্র নিতে পারেননি বলে তিনি জানান।
উপজেলা সদরের বাদঘাটা গ্রামের আবদুল হামিদ বলেন, বৃদ্ধ মায়ের প্রতিদিনই ডায়াবেটিস পরীক্ষা করাতে হয়। তবে এক মাসের বেশি সময় ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা বন্ধ থাকায় মাকে নিয়ে তিনি বিপদে পড়েছেন। বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করতে বেশি টাকা গুনতে হয়। তিনি বলেন, গরিব মানুষদের জন্য সরকারি হাসপাতাল ছাড়া কোনো উপায় নেই। অথচ সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা বন্ধের কারণে বাধ্য হয়ে বাইরে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে, যা তাঁর মতো অনেকেরই সামর্থ্যের বাইরে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কয়েক মাস আগে মূল হাসপাতাল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ সময় চিকিৎসকদের জন্য নির্ধারিত আবাসিক ভবনে অস্থায়ীভাবে প্যাথলজি বিভাগ চালু রাখা হয়। কিন্তু দেড় মাস আগে অস্থায়ীভাবে চালু থাকা প্যাথলজি বিভাগের ঘরটি ছাদ ধসে পড়ে। বাধ্য হয়ে সাময়িক সময়ের জন্য প্যাথলজি বিভাগ বন্ধ রাখা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ও সাতক্ষীরা সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য বরাদ্দ ভবনটি মেরামত শুরু করেছেন। আশা করছেন আগামী সপ্তাহের মধ্যে সেখানে প্যাথলজি বিভাগ চালু করতে পারবেন।