গ্রামীণ হাটে অবৈধ বিদ্যুৎ–সংযোগের ব্যবসা, একজনকে জরিমানা

প্রতীকী ছবি

সপ্তাহে দুই দিন হাট বসে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া কাঁচাবাজার এলাকায়। সেই হাটের ছোট ছোট প্রায় ৯০টি দোকানে অবৈধ বিদ্যুৎ–সংযোগ দিয়ে টাকা আদায় করে আসছিল একটি চক্র। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাটটিতে অভিযান পরিচালনা করে চক্রের একজন সদস্যকে আটকের পর ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ নবী। তিনি স্থানীয় বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, মো. লিটন নামের এক ব্যক্তির নেতৃত্বে হাটটিতে অবৈধ বিদ্যুৎ–সংযোগের ব্যবসা পরিচালিত হয়ে আসছে। মোহাম্মদ নবী তাঁর সহযোগী। এর আগে অভিযান পরিচালনা করে লিটনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছিল। এরপরও তিনি সহযোগীদের নিয়ে অবৈধ বিদ্যুৎ–সংযোগের ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযানে লিটনকে পাওয়া না গেলেও মোহাম্মদ নবীকে আটকের পর জরিমানা করা হয়েছে।