‘খুনিরা যত প্রভাবশালী হোক না কেন, বিচার হতেই হবে’

নারায়ণগঞ্জের পুরান বন্দর এলাকায় সিরাজ শাহের আস্তানায় আজ সোমবার সকালে তানভীর মুহাম্মদ ত্বকীর কবর জিয়ারত করেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি (মাঝে, সাদা পাঞ্জাবি) এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরাছবি: দিনার মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সঙ্গে জড়িত খুনিরা যত প্রভাবশালীই হোক না কেন, আজ হোক বা কাল হোক, তাঁদের বিচার হতেই হবে। বিচার না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ত্বকী হত্যার ১০ বছর পূর্তি উপলক্ষে বন্দর উপজেলার মোল্লা বাড়ি এলাকায় সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা করেন। এ সময় ত্বকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়।

তানভীর মুহাম্মদ ত্বকী
ফাইল ছবি

ত্বকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে তাঁর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সভাপতি ধীমান সাহা, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

ভবানী শংকর বলেন, ‘ত্বকীর মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা ত্বকী হত্যার বিচার দাবিতে নিরবচ্ছিন্নভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। খুনিদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা কেউ ঘরে ফিরে যাব না।’

আরও পড়ুন

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছেন। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।