কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, ধোঁয়ায় অসুস্থ হয়ে এক পরিবারের চারজন হাসপাতালে
ঢাকার কেরানীগঞ্জে একটি ফ্ল্যাটের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে আরেক ফ্ল্যাটের চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
অসুস্থ ব্যক্তিরা হলেন মোহাম্মদ মামুন (৪৫), তাঁর স্ত্রী লাকি আক্তার (৩৮), দুই ছেলে মো. মিহাদ (১৬) ও সিয়াম হোসেন (১২)। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার রাত দুইটার দিকে কেরানীগঞ্জের মডেল টাউন আবাসিক এলাকার একটি ১০তলা ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেলে অসুস্থ লাকি আক্তারের বোন ফারিহা আক্তার জানান, বছরখানেক ধরে তাঁর বোনের পরিবার ওই ভবনের অষ্টম তলায় বসবাস করছে। শুক্রবার রাত দুইটার দিকে হঠাৎ ঘর তীব্র ধোঁয়ায় ভরে যায়। ধোঁয়ার কারণে পরিবারের সদস্যরা শ্বাস নিতে পারছিলেন না। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে জানা যায়, সপ্তম তলার একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণের পর ধোঁয়া ওপরে উঠে তাঁদের ঘরে ঢুকে পড়ে। তিনি আরও জানান, আহত ব্যক্তিদের গলা ও বুকে প্রচণ্ড জ্বালাপোড়া, মাথাব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে। তাঁদের থুতু কালো রঙের, হাত–পা কালচে হয়ে গেছে। তাঁরা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সপ্তম তলার ওই ফ্ল্যাটের একটি কক্ষের এসির আউটডোর ইউনিটে বিস্ফোরণ ঘটে। ওই সময় ওই কক্ষে কেউ ছিলেন না। এতে ওই বাসার কারও কোনো ক্ষতি হয়নি।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান উল আলম বলেন, এ ঘটনায় কেউ দগ্ধ হননি। তবে ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণ থেকেই এ ঘটনা ঘটেছে।