নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩
নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। আজ সোমবার সকালে জেলা শহর মাইজদীর হোয়াইট হল এলাকায় এই মিছিল হয়েছে। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ১ মিনিট ৮ সেকেন্ডের। ওই ভিডিওতে দেখা যায়, যুবলীগের এক নেতার নামে একটি ব্যানার ধরে আছেন মিছিলের সামনে থাকা কয়েকজন ব্যক্তি। মিছিলটিতে ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
জানতে চাইলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল করার বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, মিছিলের ভিডিও সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এরই মধ্যে মিছিলে অংশগ্রহণকারী তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।