চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে তিন কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

উদ্ধার হওয়া গলিত সোনা ও অলংকারছবি: বিমানবন্দর কর্তৃপক্ষের সৌজন্যে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১৬০ গ্রাম গলিত সোনাসহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের (জনসংযোগ) কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সকালে দুবাই থেকে চট্টগ্রামে আসেন যাত্রী শহীদুল আলম চৌধুরী। তিনি ব্যাগেজ নিয়ে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টায় ছিলেন। এ সময় বিমানবন্দরে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা গোপন সূত্রে শহীদুল আলম চৌধুীর কাছে সোনার চালান থাকার বিষয়টি জানতে পারেন। তাঁরা তল্লাশি চালিয়ে শহীদুলের অন্তর্বাস ও বেল্টের (কোমরবন্ধনী) ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গলিত সোনা এবং অলংকারগুলো উদ্ধার করেন।

ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। আটক যাত্রীকে কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বৈদেশিক মুদ্রা পাচার রোধসহ সোনা চোরাচালানের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।