বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

চন্দনাইশে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার উত্তেজিত জনতা যাত্রীবাাহী বাস ভাঙচুর করেছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট মক্কা পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত যুবকের নাম মোহাম্মদ জাবেদ (৩২)। তিনি উপজেলার পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়ার মৃত রফিক আহমদের ছেলে। তিনি একটি একটি বীজ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আসিফ প্রথম আলোকে বলেন, যাত্রীবাহী হানিফ পরিবহন নামের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। এটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরোহী জাবেদের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেন।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আরমান হোসেন প্রথম আলোকে বলেন, ‘জাবেদ মোটরসাইকেলে নিয়মিত বিভিন্ন দোকানে সাক্ষাৎ করতে যেতেন। আজ সকালে তিনি দোহাজারী গিয়েছিলেন। সেখান থেকে আবার গাছবাড়িয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা হয়।

জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।