রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আমীরুল ইসলামকে। অন্য সদস্যরা হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক সৈয়দ সরওয়ার জাহান, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আতিকুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ নাঈম ফারুকী।
গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সোহরাওয়ার্দী হলে দেবজয়কে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। দেবজয় অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ওই হলের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সর্বশেষ কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের ১২ জুলাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দেবজয় অর্থনীতি বিভাগের ফুটবল দলের অধিনায়কও।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন রড, স্টাম্পসহ লাঠিসোঁটা নিয়ে হলে আসেন। হল শাখা ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেন কক্ষ থেকে ডেকে দেবজয়কে বের করেন। এরপর তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধর করতে করতে তৃতীয় ব্লক থেকে ফটকের দিকে নিয়ে যাওয়া হয় তাঁকে।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিনসহ কয়েকজন দেবজয়কে হলের অতিথি কক্ষে নিয়ে যান। ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে অর্থনীতি বিভাগ ও হলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতেই প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন। রাত সাড়ে তিনটা পর্যন্ত হলে উত্তেজনা ছিল। পরে হল প্রশাসন, অর্থনীতি বিভাগের শিক্ষক, ছাত্রদলের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন।