এবার টানা ২৮১ কিলোমিটার নদীপথ সাঁতরাবেন ক্ষিতীন্দ্র
সিলেট থেকে টানা ২৮১ কিলোমিটার নদীপথ সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়তে চান একুশে পদকপ্রাপ্ত ৭১ বছর বয়সী মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। আগামী সোমবার সকাল ৬টায় সিলেট নগরের সুরমা নদীর কিনব্রিজ–সংলগ্ন চাঁদনীঘাট থেকে সাঁতার শুরু করবেন তিনি।
টানা সাঁতার কেটে কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছাবেন ক্ষিতীন্দ্র চন্দ্র। এ কার্যক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ড তাঁকে সহায়তা করবে।
এ উপলক্ষে আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী ওরফে জুয়েল। ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যসহ অন্য মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।
সুব্রত চক্রবর্তী বলেন, সোমবার সকাল ৬টায় সিলেটের সুরমা নদী থেকে সাঁতার শুরু করবেন ক্ষিতীন্দ্র। গন্তব্যে পৌঁছানোর আগপর্যন্ত তিনি নদীতেই থাকবেন। নদীতেই খাওয়াদাওয়াসহ সব কাজ করবেন। এ কার্যক্রমে মুক্তিযোদ্ধা সংসদকে সহায়তার জন্য মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নৌপুলিশ ও সিভিল সার্জনের পৃথক দল থাকবে। সাঁতার চলাকালে প্রতি দুই ঘণ্টা পরপর সিভিল সার্জনের পক্ষ থেকে পাঠানো দল রক্তচাপ পরীক্ষাসহ তাঁকে প্রাথমিক চিকিৎসাসেবা দেবে।
২৮১ কিলোমিটার নদীপথ পাড়ি দিতে ৬০ থেকে ৭০ ঘণ্টার মতো সময় লাগবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সুব্রত চক্রবর্তী বলেন, পুরোটা সময় তিনটি নৌকা সার্বক্ষণিকভাবে ক্ষিতীন্দ্র চন্দ্রের পাশে পাশে থাকবে। ২৮১ কিলোমিটারের মধ্যে সুরমা নদীর ১৪৪ দশমিক ৩৯ কিলোমিটার, ধনু নদীর ৮৪ দশমিক ৩১ কিলোমিটার, ঘোড়াউত্রা নদীর ৩৪ দশমিক ২৭ কিলোমিটার ও মেঘনা নদীর ১৮ দশমিক ৩৩ কিলোমিটার পাড়ি দেবেন তিনি।
ক্ষিতীন্দ্র চন্দ্রের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপপরিচালক পদে থাকা অবস্থায় অবসরে যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি পাস করা ক্ষিতীন্দ্র চন্দ্র সাঁতার কেটে এ পর্যন্ত জাতীয় পর্যায়ে চারটি পুরস্কার পেয়েছেন।
বিরামহীন সাঁতারের জন্য শারীরিক পরীক্ষা করিয়ে কোনো সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছেন ক্ষিতীন্দ্র চন্দ্র। তিনি বলেন, ‘বয়স হয়ে যাওয়ায় এত দীর্ঘ নদীপথ সাঁতার কাটার বিষয়ে পরিবারের সদস্যরা কিছুটা ভয় পাচ্ছেন। তবে আমি বিশ্ব রেকর্ড গড়ার বিষয়ে আশাবাদী।’