গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত

দুর্ঘটনাকবলিত বাস। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার ঢাকা–খুলনা মহাসড়কেরছবি: প্রথম আলো

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেন।