গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালের’ পর এনসিপি নেতা গ্রেপ্তার

আশরাফুল ইসলামছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’ দেওয়ার পর আশরাফুল ইসলাম ওরফে সজল (২৬) নামের জাতীয় নাগরিক পার্টির (এসনিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আশরাফুলকে পোস্ট দেওয়ার জন্য নয়, সন্ত্রাসবিরোধী আইনে করা আগের একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি এসসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক আবু রায়হান মেজবাহ। তিনি এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, ‘সজলের (আশরাফুল) দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাঁকে গ্রেপ্তার করা হলো। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সেই ধারাবাহিকতায় তাঁকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

আবু রায়হান মেজবাহ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘সজলের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে। আমরা অবিলম্বে তাঁর মুক্তি চাই।’

আশরাফুল ইসলামের ফেসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরে তাঁর আইডিতে গিয়ে সেই স্ট্যাটাস পাওয়া যায়নি।

গ্রেপ্তার আশরাফুল ইসলামের মা আসমা আক্তার বলেন, তিন-চার দিন আগে তাঁর ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে একটি পোস্ট দিয়েছিল। পুলিশ তাঁকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট আর মন্তব্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ছেলে সহজ–সরল। তাই ভুল করতে পারে।

আসমা আক্তার বলেন, ‘অনেকেই এই পোস্ট ডিলিট করতে বলেছে। এরপর আমার ছেলে পোস্ট ডিলিট করে দেয়। তবু তাকে গ্রেপ্তার করা হলো, এটা মানতে পারি না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়; বরং তাঁকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তাঁর ফেসবুক স্ট্যাটাস দেখেছেন। তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মশালমিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় করা মামলায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।