ছেলের জন্য ওষুধ কিনতে বের হয়ে তিনদিন ধরে নিখোঁজ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মো. আবুল বরকত

ছেলের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে তিন দিনেও ফেরেননি বরিশালের এক ব্যবসায়ী। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে আতঙ্কের মধ্যে আছে ওই ব্যবসায়ীর পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত বুধবার বরিশাল কোতোয়ালি মডেল একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ ওই ব্যক্তির নাম সৈয়দ মো. আবুল বরকত (৪৫)। তিনি নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার সিঅ্যান্ডবি পুল–সংলগ্ন এলাকার মিরা বাড়ির বাসিন্দা। নিখোঁজ আবুল বরকতের বাবা সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লা বরিশাল জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, জিডিতে পরিবার থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তাঁর সন্ধান পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

আবুল বরকতের স্ত্রী জহুরা লাইজু বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর স্বামী ছেলের জন্য ওষুধ আনতে বাসা থেকে বের হন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় তাঁর মুঠোফোনে কল দেন তিনি। কিন্তু ফোন বন্ধ পান। এরপর আত্মীয়স্বজন অনেকের কাছে খোঁজ করেও তাঁর কোনো হদিস পাননি। শেষে বুধবার থানায় জিডি করেন তিনি।

জহুরা বলেন, ‘আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী ব্যবসায়ী। সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। তবে তাঁর (বরকত) সঙ্গে একটি পক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। আমি চাই, আমার স্বামী সুস্থ-স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসুক।’

জিডির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘আমরা চেষ্টা করছি নিখোঁজ ব্যক্তিকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করা যায়। আশা করি, শিগগিরই তাঁর সন্ধান পাওয়া যাবে।’