সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ছমির আলী বেতন-ক্ষতিপূরণ কিছুই পাননি
চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের প্রায় এক সপ্তাহ পার হতে চললেও এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি এ ঘটনায় আহত শ্রমিক ছমির আলী। কারখানা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসের বেতনও দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
ছমির আলী সীমা অক্সিজেন কারখানায় নিরাপত্তাপ্রহরীর দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি উপজেলার কদম রসুল বাজারের পশ্চিম পাশে। বিস্ফোরণের সময় তাঁর ডান পায়ে জখম হয়। পরে হাসপাতালে প্রায় ২৪ ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি বাড়িতে শুয়ে-বসে দিন কাটাচ্ছেন।
ছমির আলী প্রথম আলোকে বলেন, হঠাৎ করে বিস্ফোরণের পর তাঁর ডান পায়ে লোহাজাতীয় ভারী কোনো বস্তু এসে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। এরপর আর কিছুই মনে নেই তাঁর। পরে তিনি নিজেকে হাসপাতালে চিকিৎসাধীন দেখতে পান। হাসপাতালে তাঁর পায়ের চারটি স্থানে সেলাই করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখন প্রতিদিন পল্লিচিকিৎসকদের মাধ্যমে তাঁর পায়ে ড্রেসিং করতে হচ্ছে।
তিনি বলেন, ‘আমি কারখানাটিতে কর্মরত ছিলাম। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ দূরে থাক, আমি কি বেঁচে আছি, নাকি মরে গেছি সে খবরও কেউ নেয়নি।’
ছমির আলীর মেয়ে সেলিনা আক্তার বলেন, তাঁর বাবাকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলার ভাটিয়ারী এলাকার বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে মাত্র এক দিনের চিকিৎসায় ১৫ হাজার ৬০০ টাকা বিল দিতে হয়েছে। তাঁর বাবার সুস্থ হতে কয়েক মাস লেগে যেতে পারে বলে ধারণা তাঁর।
তিনি বলেন, তাঁর বাবা কর্মহীন অলস পড়ে থাকায় সংসারের খরচ জোগাতে কষ্ট হচ্ছে। ক্ষতিপূরণ ও বেতন পেলে অন্তত চিকিৎসার খরচ সেখান থেকে মেটানো যেত।
জানতে চাইলে সীমা গ্রুপের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন প্রথম আলোকে বলেন, হতাহতদের মধ্যে যাঁদের ব্যাপারে খোঁজ পেয়েছেন, তাঁদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ছমির আলী আহত হওয়ার বিষয়টি কারখানা কর্তৃপক্ষ জানত না। ছমির আলীও বিষয়টি কর্তৃপক্ষকে জানায়নি। তাঁর ক্ষতিপূরণের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বেতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে কারখানার অধিকাংশ শ্রমিককে বেতন পরিশোধ করা হয়েছে। যেসব শ্রমিক বেতন পাননি, তাঁদের আগামী রোববারের মধ্যে সব পাওনা পরিশোধ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতাল ছেড়ে বাসায় চলে যাওয়ায় ছমির আলী আহতদের তালিকায় ছিলেন না। তাঁকে এরই মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে।
গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।