জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতিকে মারধর, সাবেক ছাত্রদল নেতা আটক

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এস এম মিজানুর রহমানের ওপর হামলা চালিয়ে মারধর করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে শহরের কালীঘাট এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

মারধরে আহত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। হামলায় জড়িত অভিযোগে আটক যুবকের নাম আরিফুল হাসান ওরফে মুক্তা (৩৫)। তিনি জামালপুর শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা ও জামালপুর শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শহরের বাইপাস সড়কে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হাঁটতে বের হন। শহরের কালীঘাট এলাকায় ওই সড়কে একদল দুর্বৃত্ত একজন মোটরসাইকেল আরোহীকে আটকিয়ে মারধর করার চেষ্টা করছিল। এ সময় মিজানুর রহমান তাঁদের কাছ থেকে ওই আরোহীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই যুবকেরা তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজনের অনুরোধে মিজানুর রহমান সেখান থেকে আবারও হাঁটতে চলে যান। পরে সন্ধ্যার দিকে ফেরার পথে ওই এলাকায় পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বখাটেরা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলার ঘটনায় যাঁরা ছিলেন, তাঁরা ছাত্রদলের নেতা-কর্মী। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।