বিনম্র শ্রদ্ধায় শহীদ এ এইচ এম কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী পালন
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল, মানবভোজ বিতরণ প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল নয়টায় শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উপশহর বাসভবনে কোরআন খতম ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর নগরের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে চারটায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এ এইচ এম খায়রুজ্জামান। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সন্ধ্যা সাড়ে সাতটায় লালন শাহ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া বিকেল পাঁচটায় নগরের কাদিরগঞ্জে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এ এইচ এম খায়রুজ্জামান। পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে বেলা ১১টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নগর ভবন থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিসৌধে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া নগর ভবনে কোরআন খতম, নগর ভবন ও সোনাদিঘি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।