নাটোরে ৪ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
নাটোরে চার ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া গ্রামে। বেলা একটায় অন্য দুর্ঘটনাটি ঘটে সিংড়া উপজেলার আজাদ দরগা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে।
বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হওয়া নারীর নাম মাজেদা বেগম। তিনি উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার মণ্ডলের স্ত্রী। অন্যদিকে সিংড়ায় ট্রাকের ধাক্কায় মারা যাওয়া পথচারীর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, নটাবাড়িয়া গ্রামে আজ সকাল নয়টায় নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন মাজেদা বেগম। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে সিংড়া থানার উপপরিদর্শক শামসুজ্জোহা জানান, আজ বেলা একটায় নাটোর-বগুড়া মহাসড়কে আজাদ দরগা এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় পথচারী নিহত হন। তাঁর পরনে চেক লুঙ্গি ও গায়ে সবুজ টি-শার্ট রয়েছে। পরে হাইওয়ে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।