সরিষাবাড়ীতে সড়কে আওয়ামী লীগের সমাবেশ, চলাচলে ভোগান্তি
জামালপুরের সরিষাবাড়ীতে আজ শনিবার সড়কের ওপর আওয়ামী লীগের সমাবেশ কর্মসূচি পালিত হওয়ায় চলাচলে ভোগান্তি হয়েছে। বিকেল চারটা থেকে পৌরসভা কার্যালয়ে সামনে সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের ওপর দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে।
বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রশিদের মনোনয়ন দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘আওয়ামী লীগের সরিষাবাড়ী উপজেলা শাখা অঙ্গ এবং সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনতা’–এর ব্যানার এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি উপলক্ষে সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ে সামনে মঞ্চ তৈরি করা হয়। সমাবেশে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন অঞ্চল থেকে লোকজন পৌরসভা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্মসূচি চলে। দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিকেল পাঁচটায় পৌরসভা কার্যালয়, রেলস্টেশন এলাকা থেকে পৌর এলাকায় মিছিল বের করা হয়। এটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন। বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
এই কর্মসূচির কারণে সড়কে দুর্ভোগের বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘সড়কে সমাবেশ করা ঠিক হয়নি। সেই জন্য কর্মসূচি দ্রুত শেষ করে দিয়েছি। কোনো নেতাকে বক্তব্য দিতে দিইনি। ভবিষ্যতে এ ধরনের সভা সড়কে আর করা হবে না।’