‘কিছুই চাই না, শুধু বাবার হত্যাকারীদের ফাঁসি চাই আমরা’
মাগুরায় প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগের সদস্য নিহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজন হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তিদের নাম ও ছবিসংবলিত ব্যানার প্রদর্শন করেন। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নেন নিহত মো. জাহিদ জোয়ার্দারের স্ত্রী ও তিন মেয়ে। এ সময় কান্নাজড়িত কণ্ঠে নিহতের বড় মেয়ে সানজিদা আক্তার বলেন, ‘ওরা আমার বাবাকে হত্যা করে আমাদের তিন বোনকে এতিম করে দিয়েছে। আমরা আপনাদের কাছে কিছুই চাই না। শুধু বাবার হত্যাকারীদের ফাঁসি চাই আমরা।’
বক্তারা বলেন, ৪ ফেব্রুয়ারি পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা জাহিদ জোয়ার্দার (৫০)। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
মানববন্ধনে জাহিদের স্ত্রী রানী বেগম বলেন, ‘স্বামী হারানোর পর তিন মেয়ে নিয়ে এখন কী করব, এটা ভেবে মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। এর মধ্যে ওরা (প্রতিপক্ষের লোকজন) আবার আমাদের নামে মামলা দিয়েছে। আমি নাকি আমার মেয়েদের নিয়ে ওদের বাড়ি লুট করে বেড়াচ্ছি। এটাও কি সম্ভব?’
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহারুল হক বলেন, এ এলাকা শান্ত ছিল। কিন্তু গত ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডে মো. তাহাজ্জত হোসেন ইউপি সদস্য হওয়ার পর থেকে পরিস্থিতি আর আগের মতো নেই। তাহাজ্জত এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে দল গঠন করে একের পর এক মানুষকে মারছে। এ হত্যাকাণ্ডের আগে চক্রটি এলাকার ছয়-সাতজনকে মারধর করেছে। অথচ এসব বিষয়ে প্রশাসন রহস্যজনকভাবে চুপ রয়েছে।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন বিকেলে শ্রীরামপুর মাঠে ফসলের খেতে কাজ করছিলেন জাহিদ জোয়ার্দার। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে ঘিরে ধরে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত জাহিদকে উদ্ধার করে স্থানীয় লোকজন মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহত জাহিদকে ঢাকায় পাঠানো হয়। তবে রাত ১০টার দিকে পথেই মারা যান তিনি। ওই ঘটনায় ৬ ফেব্রুয়ারি নিহত ব্যক্তির ভাই মো. শাহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলাটি করেন।
মামলায় হাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তাহাজ্জত হোসেনকে ১ নম্বর আসামি করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার পরিকল্পনা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে সম্প্রতি তাহাজ্জত বলেছেন, এ ঘটনায় তিনি জড়িত নন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ তদন্ত করছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। এ ছাড়া হত্যা-পরবর্তী যেকোনো পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।