মা–ভক্ত ছেলেটি মায়ের কাছে ফিরলেন লাশ হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় আজিজুলের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের আহাজারি। মঙ্গলবার রাউজান উপজেলার মীর বাগিছা গ্রামে
ছবি: প্রথম আলো

আজিজুলের স্বপ্ন ছিল সরকারি চাকরি করবেন। সেইমতো পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন জায়গায় দিচ্ছিলেন পরীক্ষা। মাত্র দেড় মাস আগে রেলওয়ের পয়েন্টসম্যান পদে চাকরি পান। কিন্তু এ নিয়ে বসে থাকেননি তিনি। বাড়িতে থেকে চাকরি করার পাশাপাশি নিয়োগ পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন। কলেজ কিংবা চাকরির পরীক্ষা, মায়ের পা ছুঁয়ে সালাম না করে বাড়ি থেকে বের হতেন না আজিজুল। গতকাল সোমবারও কাজে যাওয়ার সময় মাকে সালাম করে বের হয়েছিলেন। কিন্তু দুর্ঘটনায় কফিনবন্দী হয়ে বাড়িতে ফিরেছে তাঁর লাশ।

গতকাল সোমবার রাতে চট্টগ্রামের ইপিজেড থানার বিমানবন্দর সড়কে মেঘনা অয়েলের সামনে চলন্ত ট্রেনের ইঞ্জিনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আজিজুল হকসহ তিনজন নিহত হন। ট্রেনের ইঞ্জিন আসার সংকেত উপেক্ষা করে বাস চালানোর কারণে দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের কর্মকর্তারা দাবি করেন।

আজিজুলের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মীর বাগিছা গ্রামে। নিহত অন্য দুজন হলেন আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। এর মধ্যে আসাদুজ্জামান চট্টগ্রাম ইপিজেডের ইয়াংওয়ান কারখানার কোয়ালিটি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। অন্যজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আজিজুলের স্বজনেরা বলেন, আজিজুল সব সময় পড়া নিয়ে থাকতেন। সরকারি চাকরির জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। মাঝেমধ্যে পাড়ার ছেলেমেয়েদের টিউশনি করাতেন। ছাত্রজীবনে আজিজুল কদলপুরের স্থানীয় হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর করেন। এরপর সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে আসছিলেন। ১৮ জানুয়ারি চট্টগ্রাম রেলওয়ের পয়েন্টসম্যান হিসেবে চাকরিতে যোগ দেন। চার দিন আগে ২ মার্চ তিনি সমাজসেবা অধিদপ্তরের একটি পরীক্ষায় অংশ নেন।

আজিজুল হক
ছবি: সংগৃহীত

আজ দুপুরে আজিজুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, টিনের ছাউনির সেমিপাকা বাড়িতে নারী-পুরুষের ভিড়। আজিজুলের লাশ তখনো বাড়িতে পৌঁছেনি। ভেতরে ঢুকে দেখা গেল, মা আনোয়ারা বেগম শোবার ঘরে বসে আহাজারি করছেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে বারবার বলতাম এবার একটা বিয়ে করার জন্য। কিন্তু সে না করে দিত। তার স্বপ্ন ছিল, আরও ভালো চাকরি পাওয়ার পর নতুন বাড়ি করে তারপর বিয়ে করবে। সব স্বপ্ন চুরমার হয়ে গেল।’

আরও পড়ুন

আজিজুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষ করে বিকেলে লাশ বাড়িতে এনে দাফন করার কথা। বড় ভাই আমিনুল হক লাশ নেওয়ার জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘২ মার্চ আজিজুল সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু ফলাফল পাওয়ার আগেই না–ফেরার দেশে চলে গেল। সে মেধাবী ছিল। পড়ালেখা, টিউশনি আর চাকরির খোঁজে ওর সময় কাটত।’

কদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ছেলেটি কঠোর পরিশ্রমী ও মেধাবী ছিলেন। চট্টগ্রাম রেলওয়েতে পয়েন্টসম্যান হিসেবে চাকরি নেন দেড় মাস আগে। এরপরও হাল ছাড়েননি। উচ্চ পদে যাওয়ার জন্য ২ মার্চ পরীক্ষায় বসেন।