ঢাকার বাইরে প্রথম শাখা চালু হলো ব্র্যাক হেলথ কেয়ারের, অবস্থান নোয়াখালীতে

ফিতা কেটে নোয়াখালীতে ব্র্যাক হেলথ কেয়ারের নতুন শাখার উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজাসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। আজ দুপুরে নোয়াখালীর মাইজদীতেছবি: প্রথম আলো

ঢাকার বাইরে প্রথমবারের মতো নোয়াখালীতে শাখা চালু করেছে ব্র্যাক হেলথ কেয়ার। আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর মাইজদী কোর্টের প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়। এর উদ্বোধক ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। এটি ব্র্যাক হেলথ কেয়ারের পঞ্চম শাখা।

নতুন এই শাখায় একই ছাদের নিচে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি ফিজিশিয়ান, প্রাথমিক চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য ও সুস্থতা পরামর্শ, পুষ্টিসেবা, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্য পরামর্শ, দাঁতের চিকিৎসা ও রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা। শাখাটি সবার জন্য উন্মুক্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও ব্র্যাক হেলথ কেয়ার লিমিটেডের প্রধান তৌফিক হাসান সিদ্দিকী।

অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, ‘স্বাস্থ্যসেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, সাধ্যের মধ্যে ও মানবিক। এই বিশ্বাস থেকেই ২০২৩ সালে ব্র্যাক হেলথ কেয়ারের যাত্রা শুরু হয়। আমাদের জন্য এটি শুধু একটি নতুন সেন্টারের উদ্বোধন নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা। গত তিন বছরে আমরা যে সেবাদানের মডেল তৈরি করেছি ও প্রতিনিয়ত উন্নত করেছি, আজ সেই মডেল ঢাকার বাইরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যাত্রা শুরু হলো।’

তামারা হাসান আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, একটি বিশ্বস্ত হেলথ কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা, যা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেবে সাশ্রয়ী, সহজলভ্য এবং মানবিক স্বাস্থ্যসেবা। এই পথচলায় আমরা নতুন নতুন শহরে পৌঁছাতে চাই, মানুষের প্রয়োজনের কথা শুনতে চাই এবং যে মানের স্বাস্থ্যসেবা পাওয়া তাদের অধিকার, সেই মানের সেবা দিতে চাই।’

অনুষ্ঠানে মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘ব্র্যাক হেলথ কেয়ারে আমরা শুধু চিকিৎসাসেবাই প্রদান করি না, বরং আমরা অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধাবোধের সঙ্গে সেই সেবা নিশ্চিত করার চেষ্টা করি।’