আ.লীগের ‘বিদ্রোহী প্রার্থী’র পক্ষে কাজ করার অভিযোগে তিন নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ আবদুল মান্নানের পক্ষে কাজ করার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে শিবগঞ্জ উপজেলা শাখার তিন নেতাকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি দেওয়া তিন নেতা হলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ ও আলী হাসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহম্মেদ (২)।

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলা কমিটি ওই তিনজনকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান প্রশাসক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতিও। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ। তিনি রাজনীতি ছাড়াও বগুড়ায় পরিবহন এবং ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। গত বছর অনুষ্ঠিত বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। নির্বাচনে হারলেও আওয়ামী লীগ–সমর্থিত নৌকার প্রার্থীর চেয়ে প্রায় তিন গুণ বেশি ভোট পেয়ে তিনি আলোচনায় আসেন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেনের বিরুদ্ধে মান্নান একমাত্র প্রতিদ্বন্দ্বী ও ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে লড়ছেন।

কর্মী-সমর্থকেরা জানান, বগুড়া রেলওয়ে মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হায়দার আলী সরকারের দায়ের করা একটি মামলায় ‘বিদ্রোহী প্রার্থী’ মান্নান আকন্দ বর্তমানে কারাগারে আছেন। কারাগারে থাকা অবস্থায় ২৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে নতুন করে আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অর্থবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম। মান্নানের মুক্তির দাবিতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় মানববন্ধন করছেন তাঁর সমর্থকেরা। সর্বশেষ তাঁর মুক্তি দাবি করে রোববার শহরের নামাজগড় এলাকায় মানববন্ধন হয়।

জানতে চাইলে পদ থেকে অব্যাহতি পাওয়া শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বলেন, উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত। এক ভাগের নেতৃত্ব দিচ্ছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এবং অন্য পক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম। স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়নের ৫২ নেতা রেজ্জাকুলের নেতৃত্বে। এদিকে তৌহিদুরের ওপর ভর করেছেন বিএনপি-জামায়াত থেকে কয়েকজন। বিএনপি-জামায়াত থেকে আসা স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ষড়যন্ত্রেই মিথ্যা অভিযোগ তুলে আমাদের সংগঠনের বাইরে রাখতেই এ অব্যাহতি নাটক।

মকবুলকে জিতিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

রোববার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মকবুল হোসেন শুধু দলীয় প্রার্থী নন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার প্রার্থী। তাঁকে বিজয়ী করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁকে বিজয়ী করার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান জড়িত; বগুড়ার আওয়ামী লীগের সম্মান জড়িত।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সভায় চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, সহসভাপতি টি জামান নিকেতা, মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম. আবদুর রাজ্জাক, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।