কুমারখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কুষ্টিয়ার কুমারখালীতে মৌসুমি খাতুন (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের সদকী রায়পাড়া এলাকায় মৌসুমির শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৌসুমি খাতুন সদকী রায়পাড়া এলাকার কাতারপ্রবাসী মাসুদ হোসেনের (৩২) স্ত্রী। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। মৌসুমির বাবার বাড়ির লোকজনের দাবি, যৌতুকের টাকা না পেয়ে মৌসুমির শ্বশুরবাড়ির লোকজন মৌসুমিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর লাশের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১১ বছর আগে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার ইউনুছ আলীর মেয়ে মৌসুমির সঙ্গে সদকী ইউনিয়নের রায়পাড়া এলাকার আনার প্রামাণিক ছেলে মাসুদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মৌসুমির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকা দাবি করে আসছিলেন। এর মধ্যে মৌসুমির বাবা একাধিকবার নগদ টাকা ও আসবাব দিয়েছেন। প্রায় ছয় মাস আগে মাসুদ জীবিকার জন্য কাতারে যান। বিদেশ যাওয়ার পর থেকেই মাসুদ ও তাঁর পরিবাররের লোকজন আবার যৌতুক দাবি করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েকবার সালিশ হয়েছে।
আজ সকালে মৌসুমির শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকেই মৌসুমির শ্বশুর, ভাশুর, ভাশুরের স্ত্রী ও ননদ পলাতক।
মৌসুমির বাবা ইউনুছ আলী বলেন, হঠাৎ ভোররাতে তিনি জানতে পারেন, তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাঁর দাবি, যৌতুকের টাকা না পেয়ে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে। হত্যার পরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। তিনি এ ঘটনায় থানায় মামলা করবেন।
তবে অভিযোগ অস্বীকার করে শাশুড়ি জহুরা খাতুন বলেন, রাতে তাঁর ছেলে ও বউয়ের মুঠোফোনে ঝগড়া হয়েছিল। এ জন্য তাঁর ছেলের বউ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে। তবে মৌসুমিকে কেউ হত্যা করেনি বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, স্থানীয় লোকজন আগেই লাশটি নামিয়ে রেখেছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।