ক্ষুধার্ত হাতি লোকালয়ে এসে প্রাণ হারায়। আবার হাতির আক্রমণে অসহায় মানুষের প্রাণ যায়, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি। প্রতিবছর এভাবেই চলছে শেরপুরের গারো পাহাড় এলাকায় হাতি ও মানুষের লড়াই। একদিকে হাতির বোবা কান্না, অন্যদিকে মানুষের আর্তনাদ। যেন দেখেও দেখার নেই কেউ। মানুষ ও হাতিকে রক্ষা করা যাদের দায়িত্ব, তাদের তরফ থেকে নেই স্থায়ী কোনো উদ্যোগ।
শেরপুর বন বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত হাতির আক্রমণে ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাত শতাধিক। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে ৩১টি হাতি। ২০১৪ সালের পর থেকে দুই পক্ষেরই মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত আট বছরে হাতির আক্রমণে প্রাণ গেছে ২৫ জনের। অন্যদিকে হাতি মারা গেছে ২৮টি। হাতির আক্রমণে তিন উপজেলার প্রায় দুই হাজার একর জমির ফসল, ঘরবাড়ি, গাছপালাসহ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ নষ্ট হয়েছে। কিন্তু স্থানীয় লোকজনের দাবি, মৃত্যু, ক্ষয়ক্ষতি—সবকিছুই সরকারি হিসাবের চেয়ে বেশি।
লোকালয়ে হাতির তাণ্ডব
বন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে গারো পাহাড় এলাকায় হাতির সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শেরপুর জেলার সীমান্তবর্তী ৮ হাজার ৩৭৬ একর বনভূমিতে হাতিগুলোর আবাস। ১৯৯৫ সালে ২০ থেকে ২৫টি বন্য হাতির একটি দল ভারতের মেঘালয় রাজ্যের পিক পাহাড় থেকে দলছুট হয়ে এ পাহাড়ে চলে আসে। পরে হাতির দলটি ভারতের কাঁটাতারের বেড়া ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে আবাসস্থলে ফিরে যেতে পারেনি।
ধান ও কাঁঠালের মৌসুম ছাড়াও খাদ্যের সন্ধানে প্রায় প্রতি রাতেই হাতি দল বেঁধে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। সারা বছর দলটি শেরপুরের শ্রীবরদী থেকে শুরু করে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পর্যন্ত ৬০ কিলোমিটার সীমান্ত চষে বেড়ায়। এ সময় পাহাড়িদের বাড়িঘরে হানা দেয় হাতিরা। তখন ফসল ও বাড়িঘর রক্ষা করতে এলাকাবাসী মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে হইহুল্লোড় করে প্রতিরোধের চেষ্টা করেন। মাঝেমধ্যে ভারতীয় সীমান্ত সড়কের কালভার্টের নিচ দিয়ে হাতির দলটি সীমান্তের ওপারে চলে যায়। কয়েক দিন অবস্থানের পর আবার গারো পাহাড়ে ফিরে আসে।
ঝিনাইগাতীর নওকুচি গ্রামের বাসিন্দা সুমন্ত মারাক প্রথম আলোকে বলেন, এখন সারা বছর হাতির পালটি দুটি ভাগে বিভক্ত হয়ে গারো পাহাড়ের সীমান্তে খাবারের জন্য ঘুরে বেড়ায়। এভাবে লোকালয়ে ঢুকে পড়লে দুর্ঘটনা ঘটে।
হাতি মামাগর খিদার কাছে কোনো কিছুই টিকে না। অহন আলো দেখলেও ভয় পায় না
ভেস্তে গেছে সরকারি প্রকল্প
২০১৪ সালে হাতি প্রতিরোধে পরীক্ষামূলকভাবে সীমান্ত এলাকায় ১৩ কিলোমিটার সৌরবিদ্যুতের সংযোগের মাধ্যমে বেড়া (বায়োলজিক্যাল ফেন্সিং) দেওয়ার প্রকল্প নেয় বন বিভাগ। ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় হাতির বিচরণক্ষেত্র ও আক্রমণের সম্ভাব্য গতিপথে বেড়া নির্মাণ করা হয়।
২০১৫ সালে ঝিনাইগাতীর তাওয়াকুচি ও কর্নঝুড়া গ্রামে ১০০ হেক্টর বনভূমিতে হাতির খাদ্যের উপযোগী বাগান তৈরি করে দেওয়া হয়। হাতি প্রতিরোধে তাওয়াকুচি, ছোট গজনী, বড় গজনী, হালচাটি ও মায়াঘাসি এলাকায় ১৩ কিলোমিটারজুড়ে লেবু ও বেত ফলের বাগান করা হয়। হাতির অবস্থান দেখতে সীমান্তে ১৬টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়। এ ছাড়া হাতি তাড়াতে বিভিন্ন সময় পাহাড়ি গ্রামগুলোতে চার্জার লাইট, টর্চলাইট ও জেনারেটর বিতরণ করা হয়। কিন্তু বন্য হাতির ক্ষুধার কাছে সবকিছুই ভেস্তে গেছে।
নওকুচির কোচপাড়া গ্রামের গৃহিণী হেলেনা দ্রং বলেন, ‘হাতি মামাগর খিদার কাছে কোনো কিছুই টিকে না। অহন আলো দেখলেও ভয় পায় না।’
ক্ষতিপূরণ নিয়ে অসন্তুষ্টি
হাতির আক্রমণে কোনো মানুষ মারা গেলে তিন লাখ টাকা পান। আহত হলে পান এক লাখ টাকা। ফসলের ক্ষতি হলে বন বিভাগ থেকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। তবে স্থানীয় লোকজনের দাবি, এটি কম। কেউ মারা গেলে ক্ষতিপূরণের পরিমাণ ৫ থেকে ১০ লাখ টাকা করা উচিত।
নালিতাবাড়ী উপজেলার পানিহাটা বিশপনগর গ্রামের কবির চিসিম (৬৫) বলেন, ‘প্রতিবছর হাতি তাড়াইবার যাইয়া মানুষের মৃত্যু অয়। সেই সঙ্গে হাতিও মারা পড়ে। হাতিই–বা কী করবে? হাতিরও তো খাওন লাগে। সরকারিভাবে পাহাড়ে হাতির জন্য খাওনের ব্যবস্থা অইলে লোকালয়ে কম আইত। এতে হাতি ও মানুষের দুইয়েরই উপকার অইত। হাতি তাড়াইবার গিয়া মরলে একটা পরিবারের যে ক্ষতি হয়, এই অল্প টেহায় তা চলে না। ক্ষতিপূরণ বাড়াইলে সীমান্তবাসীর বিরাট উপকার অইত।’
আইন আছে, প্রয়োগ কম
শেরপুর জেলায় এখন পর্যন্ত ৩১টি হাতি মারা গেছে। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে হাতি হত্যার দায়ে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান আছে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা অর্থদণ্ডের কথা বলা আছে।
কিন্তু এখন পর্যন্ত আইনটি প্রয়োগের বিষয়ে সংশ্লিষ্টদের অনীহা দেখা গেছে। হাতি মারা গেলে খুব একটা মামলা হয় না। গত বছরের ডিসেম্বরে জেলার শ্রীবরদী উপজেলায় সবজিবাগানের সঙ্গে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতি মারা যায়। এ ঘটনায় বন বিভাগ বাদী হয়ে শেরপুরের বন আদালতে হত্যা মামলা করে। হাতি মৃত্যুর ঘটনায় জেলায় এটিই প্রথম হত্যা মামলা।
হাতি মৃত্যুর ঘটনায় আইনগত পদক্ষেপ সম্পর্কে বন বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের দায়িত্বে থাকা সহকারী বন কর্মকর্তা মো. আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, তাঁর দায়িত্বের সময় গত বছর থেকে এ পর্যন্ত চারটি হাতির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে। বাকি তিনটি হাতির মৃত্যুর বিষয়ে জানতে আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাতিগুলোর মৃত্যুর পরপরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
ময়মনসিংহ বন বিভাগের বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন বলেন, হাতি রক্ষায় ও সমতলে আসতে বাধা দেওয়ায় বন বিভাগ থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। হাতি বনে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বনে মানুষ বসতি গড়ে হাতিকেই প্রতিপক্ষ বানাবে, এটা ঠিক নয়।