পাংশায় বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের
রাজবাড়ীর পাংশা উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসটির দুজন যাত্রী। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইউসুফ প্রামাণিক (৫০)। তিনি ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন নিজাম উদ্দিন (৫৫) ও সুমন হোসেন (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। মহাসড়কে ওঠার সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। এ ছাড়া বাসের দুই যাত্রীও আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ট্রাকচালক মারা যান। অন্য দুজনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাশফিয়া জেসমিন বলেন, ইউসুফ প্রামাণিক স্বাস্থ্য কমপ্লেক্সে আনার তিন-চার মিনিটের মধ্যে মারা যান। অন্য দুজনের শরীরে সেলাই দেওয়া হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সালাউদ্দিন মোল্লা বলেন, দুর্ঘটনার পর থেকে বাসটির চালক ও সহকারী পলাতক। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।