খুলনার হকার্স মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

খুলনায় বড় বাজার এলাকার খাজা খানজাহান আলী হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই মার্কেটের তিনটি দোকান পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে মার্কেটের সাধারণ সম্পাদক মোস্তফা পাটোয়ারীর দোকান ও গুদামে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে নগরের টুটপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও খুলনা সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা কেউ বলতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

খুলনা সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়েছে। এর মধ্যে একটি কসমেটিকসের দোকান, একটি তারের দোকান ও একটি রঙের দোকান রয়েছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।